বাংলাদেশ থেকে কানাডা কৃষিশ্রমিক নেবে বলে গত ২১ নভেম্বর ঘোষণা দেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন। তিনি কানাডাসহ তিনটি দেশ সফর শেষে ঢাকা ফিরেই বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।মন্ত্রীর এই ঘোষণার পর থেকে কানাডায় পাঠানোর কথা বলে একশ্রেণীর দালাল দেশের বিভিন্ন এলাকায় মানুষের কাছ থেকে টাকা নেওয়া শুরু করে। দালাল চক্রের এ প্রতারণার শিকার হয়ে অনেকে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।অতঃপর গতকাল সোমবার বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বলা হয়, কানাডায় শ্রমিক পাঠানোর ব্যাপারে এখনো কিছু চূড়ান্ত হয়নি।পুরো ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস—বায়রা।বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, মন্ত্রীর মতো একজন দায়িত্বশীল ব্যক্তি যখন বলে দেন কানাডা শ্রমিক নেবে, তখন স্বাভাবিকভাবেই মানুষ তা বিশ্বাস করে। আর সেটি নিয়ে শুরু হয়ে যায় প্রতারণাও। আর এর দায়ভার এসে পড়ে বায়রার ওপর। কাজেই মন্ত্রীর আরও দায়িত্বশীল হওয়া উচিত। যেকোনো বাজারের ব্যাপারে কথা বলার আগে তাঁর নিশ্চিত হওয়া উচিত। গতকাল মন্ত্রণালয় থেকে পাঠানো ‘কানাডায় জনশক্তি রপ্তানি বিষয়ে সতর্কীকরণ’ শীর্ষক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কানাডায় সরকারিভাবে কৃষিশ্রমিক পাঠানোর বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আর চূড়ান্ত হলেও সেখানে লোক পাঠানো হবে সরকারিভাবেই। এ ক্ষেত্রে কোনো রিক্রুটিং এজেন্সি বা দালালের সহযোগিতা নেওয়ার প্রয়োজন নেই।বিজ্ঞপ্তিতে বলা হয়, কানাডা কয়েক দিন আগে বাংলাদেশ থেকে কৃষিশ্রমিক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণমন্ত্রী ঘোষণা দেন, প্রশিক্ষণের মাধ্যমে কানাডার চাহিদা উপযোগী কৃষি-কর্মী তৈরি করে সরকারি ব্যবস্থাপনায় ওই দেশে পাঠানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। মন্ত্রীর ঘোষণার পর কয়েকটি রিক্রুটিং এজেন্সির দালালেরা কানাডায় জনশক্তি রপ্তানির মিথ্যা আশ্বাস দিয়ে মাঠপর্যায় থেকে টাকা তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের প্রক্রিয়া থেকে জনগণকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কানাডার সাচকাচুয়ান প্রদেশের সঙ্গে বাংলাদেশের জনশক্তি প্রশিক্ষণ ও রপ্তানি সম্পর্কিত একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এটি এখনো চূড়ান্ত হয়নি। ২০১১ সালের জানুয়ারিতে এ সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে যেকোনো ধরনের তথ্য জানতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বহির্গমন বিভাগের পরিচালক সেলিম রেজার সঙ্গে (ফোন ৯৩৩২৮৪৩) যোগাযোগ করতে বলা হয়েছে।বিএমইটির বহির্গমন বিভাগের পরিচালক সেলিম রেজা প্রথম আলোকে বলেন, কানাডায় পাঠানোর নামে একশ্রেণীর দালাল প্রতারণা শুরু করেছে বলে তাদের কাছে খবর রয়েছে। কিন্তু কানাডায় কর্মী পাঠানোর ব্যাপারে এখনো কিছু চূড়ান্ত হয়নি। তাই সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলেছে মন্ত্রণালয়।