মন্ত্রীর নির্দেশে ব্যানার-ফেস্টুন নামাল পুলিশ
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে স্বাগত জানিয়ে লাগানো ব্যানার, ফেস্টুন নামিয়ে ফেলতে পুলিশকে নির্দেশ দিলেন মন্ত্রী। মন্ত্রীর নির্দেশে পুলিশ তাত্ক্ষণিক সব ব্যানার ও ফেস্টুন নামিয়ে পুলিশের হেফাজতে নিয়ে গেছে।আজ বৃহস্পতিবার দুপুরে যোগাযোগমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু পরিদর্শনে যান। এ খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতারা মন্ত্রীকে স্বাগত জানিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন টানান। মন্ত্রী তা দেখতে পেয়ে আওয়ামী লীগের নেতাদের কাছে জানতে চান, এসব ব্যানার ও ফেস্টুন কার নির্দেশে ছাপা হয়েছে। নেতারা এর কোনো উত্তর দিতে না পারায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে গাড়ি থামিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকে ব্যানার নামিয়ে ফেলে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন মন্ত্রী। পরে পুলিশ এসব ব্যানার নামিয়ে থানায় নিয়ে যায়।এ সময় ওবায়দুল কাদের প্রথম আলোকে জানান, মহাসড়কে তাঁকে স্বাগত জানিয়ে এসব ব্যানার টানানো ঠিক হয়নি। এ জন্য তিনি পুলিশকে ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, ‘হঠাৎ গাড়ি থামিয়ে মন্ত্রী মহোদয় ব্যানার সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়ায় আমরা ব্যানার নামিয়ে থানায় নিয়ে এসেছি।’সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, যোগাযোগমন্ত্রী মহাসড়কের পোস্টার, তোরণ, ব্যানার টানানো নিষেধ করে দিয়েছিলেন। তবু অতি উৎসাহী নেতা-কর্মীরা এসব কাজ করার কারণে তিনি ক্ষুব্ধ হয়ে পুলিশকে এ নির্দেশ দিয়েছেন।