মন্ত্রীর প্রতিশ্রুতিতেও কাজ হয়নি
প্রায় সাড়ে তিন বছর ধরে বন্ধ হয়ে রয়েছে কাজীরহাট-পাটুরিয়া নৌরুটের কাজীরহাট ফেরিঘাট। অথচ গুরুত্বপূর্ণ এই ফেরিঘাটটি স্বল্প সময়ের মধ্যে চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। প্রতিশ্রুতি প্রদানের পর এক বছর পার হতে চললেও ফেরিঘাটটি এখনো চালু হয়নি। আদৌ চালু হবে কি না তা নিয়েও রয়েছে সংশয়। এতে এলাকাবাসীসহ ব্যবসায়ী ও পরিবহন মালিকেরা হতাশ হয়ে পড়েছেন।খোঁজ নিয়ে জানা যায়, ২০০৭ সালের ৩০ জুলাই বন্যার কারণে কাজীরহাট-পাটুরিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরাঞ্চলের কয়েক জেলায় পণ্য পরিবহনে খরচ অনেক বেড়ে যায়। চরম দুর্ভোগে পড়ে উভয় পারের পণ্যবাহী শত শত ট্রাকচালক। এ ছাড়া কাজীরহাট ফেরিঘাটের কয়েক শ শ্রমিক বেকার হয়ে পড়েন। কাজীরহাটের পাশে অবস্থিত উত্তরাঞ্চলের প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র নগরবাড়ী ঘাটে দেখা দেয় স্থবিরতা। পরিবহন ব্যবসায়ীরা বিশেষ করে ট্রাক মালিক-শ্রমিকেরা স্বল্প খরচে মালামাল পরিবহনের স্বার্থে এবং বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ কমাতে এই নৌরুটে ফেরি চালুর জন্য অব্যাহতভাবে দাবি জানিয়ে আসছেন। সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে ফেরিঘাট চালুর বিষয়টি। চলতি বছরের ১৩ জানুয়ারি পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার নগরবাড়ী ঘাট এলাকা পরিদর্শনে এসে এলাকাবাসীর দাবির মুখে কাজীরহাট ফেরিঘাট চালুর আশ্বাস দেন। এ সময় তিনি ঘাট চালুর জন্য ফেরিসহ যাবতীয় সরঞ্জামাদির ব্যবস্থা করবেন বলেও ঘোষণা দেন। তাঁর এই ঘোষণায় এলাকাবাসীসহ জেলার ব্যবসায়ী এবং বাস-ট্রাক মালিক ও শ্রমিক সমিতির নেতাদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়। তাঁদের আনন্দ আরও বেড়ে যায়, যখন ফেব্রুয়ারি মাসে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান পাবনায় এসে ফেরিঘাটটি শিগগিরই চালু হবে বলে ঘোষণা দেন। কিন্তু তাঁদের ঘোষণার পর প্রায় এক বছর পার হতে চললেও ফেরিঘাট চালু হয়নি। ফেরির স্বল্পতা ও নাব্যতা-সংকটের অজুহাত দেখিয়ে এটি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে জানা গেছে। বেড়া উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুল হক বলেন, ‘ফেরিঘাট চালু হলে কয়েক শ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হওয়ার পাশাপাশি গোটা উত্তরাঞ্চলই উপকৃত হবে। দুই মন্ত্রীর প্রতিশ্রুতির পর ফেরিঘাট চালুর কাজ অনেক দূর এগিয়েছিল। কিন্তু বিআইডব্লিউটিসির কাছ থেকে এই রুটে (কাজীরহাট-পাটুরিয়া) চলাচলের জন্য ফেরি পাওয়া না যাওয়ায় ও নাব্যতা-সংকট দেখা দেওয়ায় ফেরিঘাট চালু করা যায়নি।’ ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যমুনার পশ্চিম পারে বেড়া উপজেলার কাজীরহাট এবং পূর্ব পারে মানিকগঞ্জের পাটুরিয়া। এই নৌরুটে ফেরি চালু থাকাকালে প্রতিদিন দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপার হতো। বঙ্গবন্ধু সেতু চালু হলেও ১৫০ কিলোমিটার অতিরিক্ত ঘুরে যাওয়ার হাত থেকে বাঁচতে এই রুটে ফেরি চলাচল অব্যাহত থাকে। এতে জ্বালানি খরচ কমে যাওয়ায় যমুনা সেতুর তুলনায় ট্রিপপ্রতি প্রায় দুই হাজার টাকা সাশ্রয় হয়। এ ছাড়া দূরপাল্লার ট্রাকচালকেরাও ফেরিতে বিশ্রামের সুযোগ পান, যা যমুনা সেতুতে সম্ভব নয়। ট্রাকচালক ইউনিয়ন বেড়া শাখার সাধারণ সম্পাদক রইজ উদ্দিন বলেন, ‘কাজীরহাট-পাটুরিয়া নৌরুটে ফেরি চালু থাকলে শুধু পরিবহন শ্রমিকেরাই উপকৃত হবেন না, ব্যবসায়ীদেরও উপকার হবে। কারণ দীর্ঘ রাস্তা ঘুরতে হবে না বলে উত্তরাঞ্চলের কয়েক জেলার পরিবহন ব্যয় অনেক কমে যাবে। এমন একটি গুরুত্বপূর্ণ নৌরুটে ফেরি চলাচল কী করে বন্ধ থাকে, ভাবতেই অবাক লাগে। দুই মন্ত্রী আন্তরিকভাবে চেষ্টা করলে এটা চালু না হওয়ার কোনো কারণ দেখি না।’ নগরবাড়ী শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক এ এম রফিকুল ইসলাম বলেন, ‘দুই মন্ত্রীর ঘোষণার পর আমরা খুবই আনন্দিত হয়েছিলাম। কিন্তু সবকিছু মিলিয়ে এখন যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে ফেরিঘাটটি আর চালু হচ্ছে না। এ অবস্থায় আমরা খুবই হতাশ।’