মন্ত্রীর বাড়িতে দুই কেজি সোনা, ৩৭ কেজি রুপা
ভারতের রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক পুরোনো। নতুন করে এ দুর্নীতির প্রমাণ দিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সভাপতি কে এস ঈশ্বরাপ্পা। গতকাল সোমবার শিমোগার লোকায়াত্তা (ন্যায়পাল) আদালতের একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঈশ্বরাপ্পার ব্যাঙ্গালোর ও শিমোগার বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তাঁর বাড়ি থেকে পুলিশ প্রায় দুই কেজি সোনা, ৩৭ কেজি রুপা ও নগদ ১১ লাখ রুপি জব্দ করে। ইন্ডিয়া টুডে জানায়, বি বিনোদ নামের এক আইনজীবী ঈশ্বরাপ্পার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল বিত্তবৈভবের মালিক হওয়ার অভিযোগ আনেন। এরপর শিমোগার ন্যায়পাল আদালত পুলিশকে অভিযোগটি খতিয়ে দেখার নির্দেশ দেন। শিমোগা জেলার পুলিশ ১৫ ডিসেম্বর ঈশ্বরাপ্পা, তাঁর ছেলে কে ই কান্তেষ ও ছেলের বউ শালিনির বিরুদ্ধে এজাহার(এফআইআর) দায়ের করেন। তবে এফআইআর দায়েরের পর গ্রেপ্তারের আতঙ্কে উপমুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের লোকজন শিমোগার কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। জামিন আবেদনের শুনানি ২৭ ডিসেম্বর শুরু হবে। শিমোগা পুলিশের মুখপাত্র এ বিষয়ে বলেন, ঈশ্বরাপ্পার ব্যাঙ্গালোর ও শিমোগার বাড়ির আট জায়গায় তল্লাশি চালানো হয়েছে। সেখান থেকে জব্দ করা সম্পদ পরীক্ষা করে দেখা হবে। এরপর এ-সংক্রান্ত প্রতিবেদন আগামী ফেব্রুয়ারি মাসের ৪ তারিখের মধ্যে ন্যায়পাল আদালতে উপস্থাপন করা হবে।তবে রাজ্যের কোপ্পাল শহরে অবস্থানরত ঈশ্বরাপ্পা এ তল্লাশির বিষয়ে বলেন, ‘এবার আসল সত্য প্রকাশিত হবে।’ কংগ্রেসের পক্ষ থেকে ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে’ ঈশ্বরাপ্পাকে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার দাবি জানানো হয়েছে। তবে ঈশ্বরাপ্পা এ দাবি নাকচ করে দিয়েছেন।