মন্ত্রীর বাড়িতে কিশোরীর ঝুলন্ত লাশ!
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যসরকারের পানিসম্পদমন্ত্রী সৌমেন মহাপাত্রের বাড়ি থেকে গতকাল মঙ্গলবার ১৪ বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই কিশোরীকে মিঠু বলে শনাক্ত করেছে পুলিশ। সে মন্ত্রীর বাড়ির গৃহকর্মী ছিল। মিঠুর বাড়ি পূর্ব মেদেনীপুরের ভগবানপুর এলাকায়।আজ বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার দুপুরে পানসকুরা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সুরানানকা গ্রামে মন্ত্রীর বাড়িতে একটি কক্ষে মিঠুর ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। এ সময় মন্ত্রী সফরে থাকলেও তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ে বাড়িতে ছিলেন।অনেকে জানান, গতকাল সকালেও মন্ত্রীর মেয়ের সঙ্গে সমবয়সী মিঠুকে স্থানীয় বাজারে দেখা গেছে। মন্ত্রীর ছেলে হালদিয়া মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। খবর পাওয়ার পর দুপুর আড়াইটার দিকে পানসকুরা থানার পুলিশ সাদা পোশাকে ওই বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় বাইরের লোকজনকে বাড়ির কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। পুলিশ এ ব্যাপারে মুখ না খুললেও সূত্র জানায়, ময়নাতদন্তের জন্য লাশ তামলুক হাসপাতালে পাঠানো হয়েছে। একজন পুলিশ কর্মকর্তার দেওয়া তথ্যমতে, মিঠুর শরীরে একটি আঘাতের চিহ্ন রয়েছে।আইনত নিষিদ্ধ থাকা সত্ত্বেও একজন শিশু কীভাবে মন্ত্রীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিল, এ নিয়ে এখন প্রশ্ন উঠেছে।পানসকুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মদন মোহন রায় বলেন, ‘আমি এ ঘটনার কিছুই জানি না। গত মঙ্গলবার থেকে আমি ছুটিতে আছি।’