মন্ত্রীর ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেন হত্যার ঘটনায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাইসহ ১৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।আজ বৃহস্পতিবার রাত ১১টার দিকে নরসিংদী সদর থানায় লোকমানের ভাই কামরুজ্জামান ওরফে কামরুল এই মামলা করেন।মামলার আসামিদের মধ্যে একজন ছাড়া বাকিরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং স্থানীয় সাংসদ এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ঘনিষ্ঠ।আসামিরা হলেন: মন্ত্রীর ভাই ও জেলা আওয়ামী লীগের সদস্য সালাহউদ্দিন আহমেদ, দলের জেলা শাখার সহসভাপতি আবদুল মতিন সরকার, দলের শহর কমিটির সাবেক কোষাধ্যক্ষ মোবারক হোসেন ওরফে মোবা, শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজউদ্দীন ভূঁইয়া, বিএনপির সদর থানা শাখার সভাপতি নুরুল ইসলাম, আওয়ামী লীগ-সমর্থক ও ব্যবসায়ী মনোয়ার হোসেন, হিরন মিয়া, নরসিংদী কলেজের ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) তারেক আহমেদ, টেলিযোগাযোগমন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) মাসুদুর রহমান মুরাদ, আওয়ামী লীগ-সমর্থক কবির সরকার, শহর যুবলীগের সভাপতি আশরাফ হোসেন সরকার, নরসিংদী কলেজের ছাত্র সংসদের ভিপি মিয়া মো. মনজুর, আমির হোসেন আমু ও মামুন।মামলার এজাহারে বলা হয়, প্রভাবশালী রাজনৈতিক নেতারা মেয়র লোকমানের উত্থানে ঈর্ষান্বিত হয়ে হত্যার পরিকল্পনা করেন। জেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে লোকমান সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিলেন। একই পদের জন্য মন্ত্রীর ভাই সালাহউদ্দিন আহমেদ প্রচার চালাচ্ছিলেন। জনসমর্থন না পেয়ে সালাহউদ্দিন কিছুদিন ধরে লোকমানকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন, যা লোকমান পরিবারের সদস্য ও হিতাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করেছিলেন।রাত ১০টা ২০ মিনিটে মামলার এজাহার নিয়ে বাদী কামরুজ্জামান আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের শতাধিক নেতা-কর্মীসহ থানায় যান। রাত ১১টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এজাহার (মামলা নং-৬) গ্রহণ করেন। এদিকে দুই দিন পার হলেও লোকমান হত্যার নেপথ্যে কে বা কারা আছে, সে সম্পর্কে উল্লেখযোগ্য কোনো তথ্য দিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।