ভাড়া করা একটি উড়োজাহাজ বিমানের বহরে রাখা না-রাখা এবং বিমানবন্দর-সংলগ্ন ১৪০ একর জমির ইজারা বাতিল করার প্রশ্নে বিমানমন্ত্রী ও সংসদীয় কমিটির মধ্যে বিরোধ এখন প্রকাশ্য। এ বিষয়ে সংসদীয় কমিটির সভাপতি মোশাররফ হোসেন ও সদস্য মইন উদ্দীন খান বাদলের সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হারুন আল রশীদ
মন্ত্রীর সঙ্গে বিরোধ নেই: মোশাররফ
প্রথম আলো: বেসামরিক বিমান চলাচলমন্ত্রী জি এম কাদেরের সঙ্গে আপনার নেতৃত্বাধীন সংসদীয় কমিটির বিরোধ কেন?মোশাররফ হোসেন: মন্ত্রীর সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নেই, আপনারা কেন বিরোধ খুঁজছেন? আমরা তো তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। আমরা বলেছি, তিনি কমিটির সভায় যোগ দেননি।প্রথম আলো: কাবো এয়ার থেকে উড়োজাহাজ ভাড়া এবং সিভিল এভিয়েশনের জমি ইজারার বিষয়ে মন্ত্রী রাষ্ট্রের স্বার্থবিরোধী কাজ করেছেন বলে আপনারা সংবাদ ব্রিফিংয়ে অভিযোগ করেছেন।মোশাররফ: কাবোর অনিয়মের বিষয়ে আমি কিছু জানি না। তা ছাড়া কাবো তো এখন নেই। সেটার কথা বলে লাভ কী? আমরা যেটুকু বলেছি, বিমানের লোকজনের কাছ থেকে জেনে বলেছি। তাঁদের কথার ওপর ভিত্তি করেই আমরা অভিযোগ তুলেছি।প্রথম আলো: কাবোর উড়োজাহাজটি ভাড়া করায় অনিয়মের অভিযোগ নিয়ে গত বছর থেকেই গণমাধ্যমে খবর বের হচ্ছে। সেই উড়োজাহাজ অতিরিক্তি সময় ভাড়ায় রাখা কেন এত গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠল সংসদীয় কমিটির কাছে?মোশাররফ: সে তথ্য আমাদের কাছে নেই। প্রথম আলো: কাবো উড়োজাহাজের পাইলটদের লাইসেন্স নিয়ে সমস্যা আছে। গত ২০ মার্চ সৌদি আরব কর্তৃপক্ষ ওদের একজন পাইলট ও একজন ফ্লাইট ইঞ্জিনিয়ারকে আটক করেছে। পরে জরিমানা দিয়ে তাঁরা ছাড়া পেয়েছেন। এতে বাংলাদেশ বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এটা আপনারা জানেন কি না? মোশাররফ: সেটা আমাদের জানা নেই।প্রথম আলো: সংসদীয় কমিটি বিমানবন্দরের কাছে ১৪০ একর জমির ইজারা বাতিলের বিপক্ষে অবস্থান নিয়েছে, কেন?মোশাররফ: চুক্তি করে ইপকো ডেভেলপমেন্ট লিমিটেডকে জমি দেওয়া হয়েছে। এই জমি উদ্ধার করতে হলে মামলা করতে হবে। কিন্তু এটা দীর্ঘ সময়ের ব্যাপার। তা ছাড়া আমরাও উপলব্ধি করতে পেরেছি, ঢাকায় একটি গল্ফ ক্লাব এবং ওই জায়গায় একটি হোটেল দরকার। বিষয়টি বিবেচনা করে আমরা একটি উপকমিটি করি। কমিটি সিদ্ধান্ত নেয়, ওদেরকে ২৫ একর ছেড়ে দিলে তারা সরকারকে ১০৫ একর ফেরত দেবে। সে অনুযায়ী আমরা সমঝোতা করি। কিন্তু মন্ত্রী দেবেন না। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, মামলা চালিয়ে জমি উদ্ধার করবেন।প্রথম আলো: সিভিল এভিয়েশনের জমি ইপকোকে ইজারা দেওয়া যাবে না—এ বিষয়ে সংসদীয় কমিটিতে আপনিই প্রস্তাব করেছিলেন। এখন আপনি অবস্থান বদল করলেন কেন?মোশাররফ: হ্যাঁ, এক সময় আমরা বলেছিলাম, এই জায়গা দেওয়া যাবে না। কিন্তু দুটি হোটেল তো এভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। সে জন্য আমরা সমঝোতার কথা বলেছি। এখন মন্ত্রী যদি মনে করেন যে তিনি মামলা করে উদ্ধার করতে পারবেন, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু সমস্যা হলো, সম্পূর্ণ কাজটি আমাদের সরকার দেখে যেতে পারবে না।