মন্ত্রীর ৫ বছর কারাদণ্ড (ভিডিও)
নিজের মেয়েকে অপহরণ করতে দ্বিধাবোধ করেননি। না জানিয়ে তাঁর গর্ভপাতও করান। আর এ জন্য মেয়েটির মৃত্যু হয়। মৃত্যুর পরেও কোনো অনুশোচনা ছিল না। বরং ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা করেন ভিন্নভাবে। কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত পাঁচ বছরের কারাদণ্ড হয় তাঁর। জরিমানাও হলো পাঁচ হাজার রুপি। এত সব ঘটনা যিনি ঘটালেন তিনি আর কেউ নন হতভাগ্য মেয়ে হরপ্রিতের মা। আরও বিস্ময়কর হলো তিনি পাঞ্জাবের মন্ত্রী। তাঁর নাম জাগির কাউর। অপরাধী মা কাউরকে পাতিয়ালায় সিবিআইয়ের বিশেষ আদালত থেকে জেলহাজতে নেওয়া হবে। এ ঘটনায় মা কাউর ছাড়াও আরও তিনজনকে অভিযুক্ত করেছেন সিবিআই আদালত। তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার রুপি করে জরিমানা করা হয়েছে।পিটিআইয়ের খবরে জানা যায়, ঘটনাটি ঘটে ২০০০ সালে। হরপ্রিত ওই বছরের এপ্রিল মাসে হঠাৎ করেই মারা যান। পাঞ্জাবের ফাগুয়ারা থেকে লুধিয়ানার ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হরপ্রিত মারা যান। কোনো রকমের ময়নাতদন্ত ছাড়াই কাপুরথালার বেগোয়াল গ্রামে হরপ্রিতের শেষকৃত্য করা হয়। মা কাউর বলেন, তাঁর মেয়ে জ্বর, বমি ও পানিশূন্যতার ফলে মারা গেছে। এর কিছুদিন পরে ওই গ্রামের কমলজিৎ সিং দাবি করেন, তিনি হরপ্রিতের স্বামী এবং হরপ্রিতের অনাগত সন্তানের বাবা। তিনি অভিযোগ করেন, ‘হরপ্রিতকে না জানিয়ে তার মা তার গর্ভপাত ঘটান। আর এতেই হরপ্রিত মারা যায়।’ ২৭ এপ্রিল তিনি পাঞ্জাব ও হরিয়ানা কোর্টে শাশুড়ি কাউরসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ওই বছরের ৯ জুন আদালত সিবিআইকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।