মন্ত্রীরা যত কম কথা বলবেন ততই ভালো: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুদ্ধাপরাধীর বিচার’ কোনো সরকার, কোনো দলের বা কোনো জোটের বিচার নয়। ফলে এ বিষয়ে আওয়ামী লীগ সরকার, দল ও মন্ত্রী, কারও কিছু বলার নেই। কাকে গ্রেপ্তার করা হবে, কাকে ছাড়া হবে বা হবে না, সম্পূর্ণ বিষয়টি ট্রাইব্যুনালের ওপর ন্যস্ত। ট্রাইব্যুনাল আওয়ামী লীগ বা চারদলীয় জোট কারও সম্পত্তি নয়। আর মন্ত্রীরা এসব বিষয়ে যত কম কথা বলবেন, যত সংযমী-সংযত হবেন, ততই ভালো হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।আজ বুধবার রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। ‘বিজয়ের অঙ্গীকার যুদ্ধাপরাধীদের বিচার এবং অর্থনৈতিক মুক্তি অর্জনে হরতাল ও নৈরাজ্য পরিহার’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আবদুল হক। প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, একটি আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে। বিশ্বে মানবসভ্যতার বিরুদ্ধে যেসব অপরাধ সংঘটিত হয়, এ আইনের আওতায় তার বিচার হয়। বাংলাদেশে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী আইন ‘ইন্টারন্যাশনাল ট্রাইবুনাল অ্যাক্ট’ তৈরি হয়েছিল ১৯৭৩ সালে। এর মধ্যে আওয়ামী লীগ, দুবার সামরিক সরকার, জিয়াউর রহমানের সরকার ও বিএনপি ক্ষমতায় ছিল। এদের মধ্যে অনেকেইে বিভিন্ন আইন বাতিল করলেও প্রত্যেকেই কিন্তু এ আইনটিকে রক্ষা করেছে। এই আইনের অধীনেই এখন মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার হবে। অন্যান্য দেশের মানবতাবিরোধী আইন থেকে বাংলাদেশের আইনটি একটু ভিন্ন। বর্তমান সরকার আইনটির কিছু ধারা পরিবর্তন করেছে। এখানে ট্রাইব্যুনালের বিচারই শেষ নয়, অপরাধীরা দেশের সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ পাবেন। জনগণ এ বিচার দ্রুত দেখতে চায়, উল্লেখ করে সুরঞ্জিত বলেন, যুদ্ধাপরাধীর বিচার একটি বাস্তব প্রক্রিয়া। এটি এমন নয় যে আজকে শুরু হবে আর কালকে শেষ হয়ে যাবে। যেমন নািসদের বিচার হয়েছে, এখনো হচ্ছে। আইন অনুযায়ী সরকারের কাজ ছিল একটি তদন্তকারী সংস্থা, রাষ্ট্রপক্ষের আইনজীবী, আইনজীবীদের প্যানেল ও বিচারপতিদের ট্রাইব্যুনাল গঠন করা। সরকার সেগুলো করে দিয়েছে। এখন সবার আশা বিচার দ্রুত শুরু হোক।বিশেষ অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার। কিন্তু জ্বালাও-পোড়াও ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং জনগণের জানমালের ক্ষতি করে দেশের অর্থনৈতিক অগ্রগতি রোধ করা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ নয়।অনুষ্ঠানে বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধি হরতালের বিপক্ষে তাঁদের জোর সমর্থন জানান।