মন্ত্রীরা শপথ নিলেও দপ্তর বণ্টন আজ নয়
নতুন কয়েকজন মন্ত্রী আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় বঙ্গভবনে শপথ নেবেন। তবে আজ দপ্তর বণ্টনের সম্ভাবনা কম।আজ দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা এ কথা জনান।কতজন মন্ত্রী শপথ নেবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মন্ত্রীদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। তাই নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত এ সংখ্যা বলতে পারব না।’আরেক প্রশ্নের জবাবে মোশাররাফ হোসাইন বলেন, ‘মন্ত্রী হিসেবে শপথ নিতে মৌখিকভাবে বলা হয়েছে। যাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে, কেউ এতে অস্বীকৃতি জানাননি।’মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী। তবে আমার মনে হয় আজ এর সম্ভাবনা কম।’সরকাররের উচ্চপর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে, মহাজোট সরকারের শেষবেলায় আওয়ামী লীগ ও ১৪ দলের আরও সাত নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।সূত্র জানায়, মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় সংসদের বর্তমান হুইপ ও আওয়ামী লীগের নেতা মুজিবুল হক। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন রাজশাহী আওয়ামী লীগের সাংসদ ওমর ফারুক চৌধুরী ও ঝিনাইদহ আওয়ামী লীগের সাংসদ আবদুল হাই।আপাতত কোনো মন্ত্রী বাদ পড়ছেন না বলেও জানা গেছে। মন্ত্রিসভার বর্তমান সদস্যসংখ্যা ৪৬। এ ছাড়া প্রধানমন্ত্রীর সাতজন উপদেষ্টা রয়েছেন। এর মধ্যে ছয়জন মন্ত্রীর পদমর্যাদা ও একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদার। ২০০৯ সালের ৬ জানুয়ারি বর্তমান সরকারের মন্ত্রিসভা শপথ নেয়। এতে কয়েকজন জ্যেষ্ঠ নেতা স্থান পাননি। এরপর একই বছরের ২২ জানুয়ারি ও ২৫ জুলাই দুই দফা মন্ত্রিসভা সম্প্রসারিত হয়। সর্বশেষ গত বছরের ২৮ অক্টোবর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদের মন্ত্রী হিসেবে শপথ নেন।সাংবিধানিকভাবে বর্তমান মহাজোট সরকারের মেয়াদ আছে আগামী বছরের ২৫ অক্টোবর পর্যন্ত।