মন্ত্রীরা সম্পদের হিসাব জমা দেবেন প্রধানমন্ত্রীর কাছে
মন্ত্রিসভার সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সম্পদের হিসাব জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে তাঁরা এ হিসাব জমা দেবেন।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে এ হিসাব প্রকাশের সিদ্ধান্ত হয়নি।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মন্ত্রীদের সম্পদের হিসাব প্রকাশের বিষয়টি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল।আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাসহ সরকার বা প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত সমমর্যাদা ও তুলনীয় মর্যাদার ব্যক্তিদের সম্পদের হিসাব প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে মন্ত্রিসভা। মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কবে হিসাব দেবেন জানতে চাইলে তিনি বলেন, প্রতিবছর যখন ব্যক্তিশ্রেণীর করদাতারা আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেন, তখনই তা দেওয়া হবে।মন্ত্রীদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। গত বছরের জুনেও বিষয়টি একবার মন্ত্রিসভার বৈঠকে উঠেছিল।এ ছাড়া গতকালের বৈঠকে সমবায় গোচারণভূমি (সৃজন ও সংরক্ষণ) আইন, ২০১১-এর খসড়া নীতিগত অনুমোদন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি নীতি, ২০১১-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।বৈঠকে বাবা-মার ভরণ-পোষণ বিল, ২০১১-এর খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করা হলেও তা ফেরত পাঠানো হয়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, বিলটিতে কোনো অসামঞ্জস্যতা রয়েছে কি না, তা আরও পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য খসড়াটি ফেরত পাঠানো হয়।