মন্দা বাজারে আরেক দফা ধস
মন্দা বাজারে আরেক দফা ধস নেমেছে। গতকাল সোমবার শেয়ারবাজারের সূচক নেমে গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ২০০৯ সালের অবস্থানে ফিরে গেছে। বাছবিচার ছাড়াই এখন অস্বাভাবিক হারে কমছে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম। একই সঙ্গে চলছে বিনিয়োগকারীদের হাহাকার। কিন্তু দেখার আর কেউ নেই। নিশ্চুপ নিয়ন্ত্রক সংস্থা।বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন আগেও বাজার ছিল পুরোপুরি ঝুঁকিমুক্ত। সেখান থেকে তিন-চার সপ্তাহের ব্যবধানে সূচক প্রায় ৬০০ পয়েন্টের মতো কমে গেছে। এটিকে নতুন আরেকটি ধস বলা যায়। বাজারে যখন আতঙ্ক বিরাজ করে তখনই কেবল এ ধরনের অবস্থার সৃষ্টি হয়।’ বাজারের বর্তমান এই অবস্থায় চরম উৎকণ্ঠা আর হতাশায় রয়েছেন বিনিয়োগকারীরা। হতাশ বাজারের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারাও। প্রতিদিনই নিষ্ক্রিয় বিনিয়োগকারীর সংখ্যাও বাড়ছে। এতে প্রতিষ্ঠানগুলোর আয় কমছে। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চলছে চাকরিচ্যুতি ও ব্যবসা সংকোচন কার্যক্রম। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল সচিবালয়ে দোষ চাপিয়েছেন অন্যদের ওপর। তিনি সাংবাদিকদের বলেন, ‘ব্রোকার হাউস এবং অন্যরা মিলে শেয়ারবাজারে কারসাজি (ম্যানুপুলেশন) করছে। এই কারসাজির সঙ্গে অর্থনীতির কোনো সম্পর্ক নেই। বোধ হয় তারা ডিমিউচুয়ালাইজেশন (স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ) আটকানোর চেষ্টা করছে।’ গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ২৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৩৯টিরই দাম কমেছে। দরপতনের প্রতিবাদে গতকাল রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেছেন একদল বিনিয়োগকারী। এদিন ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩ শতাংশ বা ১১২ পয়েন্ট কমে গত প্রায় সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন, তিন হাজার ৬১০ পয়েন্ট হয়েছে। ২০০৯ সালের ১৫ নভেম্বরের পর এটিই সাধারণ সূচকের সর্বনিম্ন অবস্থান। ওই দিন সাধারণ সূচক ছিল তিন হাজার ৩৮৩ পয়েন্ট। ২০০৯ সালের ১৬ নভেম্বর টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন তালিকাভুক্ত হওয়ার পর সূচক আর কখনো এতটা নিচে নামেনি। এ ছাড়া গতকাল দিনের শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৮ কোটি টাকা। ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ‘যদি সূচককে বিবেচনায় নিয়ে বাজারের বর্তমান অবস্থার তুলনা করা হয়, তাহলে বিদ্যমান সূচকটি ২০০৯ সালের সূচকের চেয়েও অনেক নিচে রয়েছে। কারণ, ২০০৯ সালের পর বাজারে অনেক কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। সেগুলোকে বাদ দিয়ে সূচক গণনা করা হলে বর্তমান সূচক আরও অনেক নিচে নেমে যাবে।’ বর্তমান অবস্থায় বিনিয়োগকারীদের একটাই প্রশ্ন—এই পতনের শেষ কোথায়। বাজারের বিষয়ে জানতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে বিএসইসির মুখপাত্র সাইফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। তবে জানা গেছে, নিয়ন্ত্রক সংস্থা মনে করে, বাজারে শেয়ারের দামের উত্থান-পতন দেখার দায়িত্ব তাদের নয়। বাজার বাজারের নিয়মেই চলবে। বরং বিধিবিধান ও আইনকানুনের যথাযথ বাস্তবায়ন হচ্ছে কি না বা বাজারে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কি না, সেটি দেখা তাদের মূল কাজ। অবশ্য আইনকানুন পরিপালনে অনেক ক্ষেত্রে কমিশনের বেশ শিথিলতার নজির রয়েছে। কমিশনের সিদ্ধান্তে বিভিন্ন অনিয়মের তদন্তকাজের ধীরগতিরও নজির রয়েছে। সুপারিশ বাস্তবায়নে ধীরগতি: কয়েক দিন আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক অনুষ্ঠানে বলেছেন, ‘শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় সাক্ষীর অভাবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না।’ যদিও এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, পুঁজিবাজার তদন্ত প্রতিবেদনে যাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ ও যেসব বিষয়ে অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছিল, প্রায় দুই বছরের বেশি সময় অতিবাহিত হলেও সেগুলোর বেশির ভাগই করা হয়নি। শেয়ার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কয়েকজনের বিরুদ্ধে মামলা করা ছাড়া এই কাজে আর কোনো অগ্রগতি নেই। জানতে চাইলে বিএসইসির মুখপাত্র সাইফুর রহমান বলেন, ‘তদন্ত প্রতিবেদনের সুপারিশের পরিপ্রেক্ষিতে বেশ কিছু বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিছু বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।’বিএসইসি সূত্রে জানা গেছে, একাধিক অধিকতর তদন্ত প্রতিবেদন এরই মধ্যে কমিশনে জমা হলেও এখনো পর্যন্ত সেগুলোর বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ ছাড়া নিজেদের করা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও বর্তমান কমিশন শিথিলতা দেখাচ্ছে। ২০১১ সালের ২২ নভেম্বর তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের জন্য নতুন নির্দেশনা জারি করে বিএসইসি। বিএসইসির তথ্য অনুযায়ী, সেই নির্দেশনা অমান্য করে অনেকে পরিচালক পদে রয়েছেন। কিন্তু প্রায় দেড় বছর অতিবাহিত হলেও ওই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সংস্থাটি। অতি সম্প্রতি নির্দেশনা অমান্যকারীদের শুনানিতে হাজির হওয়ার চিঠি দেওয়া হয়েছে।নিষ্ক্রিয় বিনিয়োগকারী বাড়ছে: দেশের দুই স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষ একটি ব্রোকারেজ হাউসের মোট বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের সংখ্যা প্রায় ৩০ হাজার। গত ফেব্রুয়ারি মাসে এর মধ্যে সেকেন্ডারি বাজারে লেনদেনে সক্রিয় ছিল প্রায় এক হাজার ৮০০ বিও হিসাব। অথচ মার্চে এসে নিয়মিত লেনদেনে অংশ নেওয়া বিনিয়োগকারীর সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ১০০-তে। একটি বিও হিসাবের বিপরীতে একজন বিনিয়োগকারীর হিসাব ধরে শীর্ষ ওই ব্রোকারেজ হাউস থেকে এই তথ্য পাওয়া গেছে। ব্রোকারেজ হাউসটির এক কর্মকর্তা জানান, বাজার যখন খুব ভালো অবস্থায় ছিল তখন প্রায় সবগুলো বিও হিসাবই নিয়মিত লেনদেনে সক্রিয় ছিল। ধসের পর থেকে ক্রমাগত সক্রিয় বিনিয়োগকারীর সংখ্যা কমতে থাকে। লেনদেনে শীর্ষে থাকা অপর এক ব্রোকারেজ হাউসের ফেব্রুয়ারি মাসে নিয়মিত লেনদেনে অংশগ্রহণকারী বিও হিসাবধারীর সংখ্যা ছিল গড়ে ৪৫০টি। মার্চে সেটি কমে দাঁড়িয়েছে ২৫০টিতে। বোঝা যাচ্ছে, বাজারের ক্রমাগত দরপতনে নিয়মিত লেনদেনকারীর সংখ্যা ক্রমেই কমছে। অর্থাৎ ক্রমাগত দরপতনে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন শেয়ারবাজারের নিয়মিত লেনদেনকারীরা। আবার বাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু বছর পেরিয়ে গেলেও সেই সুদ মওকুফ সুবিধা এখনো পাননি ক্ষতিগ্রস্ত অধিকাংশ বিনিয়োগকারী।