মন্দা সামলানোর আর্থিক সামর্থ্য দ. এশিয়ার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অর্থনীতির সম্ভাব্য মন্দার ধাক্কা সামলাতে দক্ষিণ এশীয় দেশগুলোর আর্থিক সামর্থ্য নেই। আগের ধাক্কা সামলাতেই দেশগুলো ঋণগ্রস্ত হয়ে পড়েছে। সংকট মোকাবিলায় দরকার সমন্বিত রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলনের (এসএইএস) উদ্বোধনী অনুষ্ঠানে অর্থনীতিবিদেরা এভাবেই তাঁদের মূল্যায়ন তুলে ধরেন। সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে, ‘মন্দা-পরবর্তী বিশ্ব অর্থনীতি, নতুন ঝুঁকি এবং টেকসই উন্নয়ন: দক্ষিণ এশীয় অবস্থান পুনর্বিবেচনা’। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে প্রধান অতিথি ছিলেন।সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক সংস্থা (ইউএন-এসকাপ), ব্যাংককের প্রধান অর্থনীতিবিদ নাগেশ কুমার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি নিয়েল ওয়াকার, কমনওয়েলথ সচিবালয়ের উপদেষ্টা এডউইন লরেন্ট, ফ্রিডরিক-ইবার্ট-স্টিফটুং (এফইএস), ভারতের প্রকল্প পরিচালক সারাহ হিজ। সার্ক সেক্রেটারি জেনারেল ফাতিমাথ ধিয়ানা সায়িদ অনুষ্ঠানে ভিডিও বিবৃতি উপস্থাপন করেন। এতে স্বাগত বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন: আফগানিস্তানের রাষ্ট্রপতির অর্থনৈতিক জ্যেষ্ঠ উপদেষ্টা শ্যাম এল ভাতিজা, সার্কের সাবেক মহাপরিচালক ইব্রাহিম হোসেন জাকি এবং শ্রীলঙ্কার ইন্টারন্যাশনাল মনিটারি কো-অপারেশনবিষয়ক সিনিয়র মন্ত্রী শরথ আমুনুগামা। গতকাল শুরু হওয়া দুই দিনব্যাপী সম্মেলনে ১২টি অধিবেশনের মধ্যে তিনটি প্লিনারি এবং নয়টি কর্ম-অধিবেশন রয়েছে। এসব অধিবেশন থেকে উঠে আসা সুপারিশ আগামী ৯-১১ নভেম্বর মালদ্বীপে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে বিবেচনার জন্য পাঠানো হবে।সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় প্রথম প্লিনারি অধিবেশনে প্রধান অতিথি ছিলেন শরথ আমুনুগামা, সম্মানিত অতিথি ছিলেন স্যার ফজলে হাসান আবেদ। এতে প্যানেল আলোচক ছিলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ কল্পনা কোচার, পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আশফাক হাসান খান, নেপালের ইনস্টিটিউট ফর ইনটেগ্রেরেটেড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারপারসন মোহন মান শেনজু প্রমুখ।অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ দরকার। কারণ, এর সঙ্গে সম্পর্কযুক্ত হলো দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন। দক্ষিণ এশীয় দেশগুলোর আঞ্চলিক সংযোগ বাড়াতে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন তিনি। এগুলো হচ্ছে: খাদ্য নিরাপত্তা, পানি ও স্যানিটেশন, জ্বালানি খাত, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা এবং বাণিজ্য ও জনশক্তি।ফজলে হাসান আবেদ বলেন, দারিদ্র্য হলো একবিংশ শতাব্দীর অন্যতম চ্যালেঞ্জ। মানুষের অমিত সম্ভাবনাকে বিনষ্ট করে দেয় এই দারিদ্র্য। সঠিক রাজনীতি চর্চার মাধ্যমে দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো সম্ভব বলে তিনি মনে করেন।ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্য বাড়ার কারণে বৈশ্বিক অর্থনীতির দৃশ্যপট বদলে যাচ্ছে। এতে আমাদের মতো দেশগুলোর সার্বিক অর্থনীতির প্রবৃদ্ধি কিছুটা নিম্নমুখী হতে পারে।কল্পনা কোচার বলেন, ২০০৮ সালে বিশ্ব অর্থনীতির সংকট দক্ষিণ এশিয়া সাফল্যজনকভাবে উতরে গেলেও, চলমান সংকট উত্তরণের অনেক চ্যালেঞ্জ রয়েছে।আশফাক হাসান খান বলেন, ইউরোপের দেশগুলোতে ঋণ-সংকটের কারণে ওই সব দেশের অভ্যন্তরীণ চাহিদা কমে যাচ্ছে। ফলে ইউরোপে দক্ষিণ এশিয়ার রপ্তানি কমছে। এর মধ্যে ভারত ও পাকিস্তানের মুদ্রার অবমূল্যায়ন শুরু হয়েছে। নাগেশ কুমার বলেন, উন্নত অর্থনীতির দেশগুলো দ্বিতীয়বারের মতো অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে। এই সংকটের ধাক্কা লাগছে দক্ষিণ এশিয়ায়। দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নের জন্য তাই একটি অর্থনৈতিক জোট গঠন এবং নমনীয় অর্থনৈতিক নীতি প্রণয়নের তাগিদ দেন তিনি।মুক্ত আলোচনায় অধ্যাপক মইনুল ইসলাম বলেন, পশ্চিমা দেশগুলোর বাজারপন্থী সংস্কারের কারণে বর্তমান বিশ্বে এই সংকট সৃষ্টি হয়েছে। এতে বিশ্বব্যাপী বৈষম্য বেড়েছে। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর জন্য ২০০৮ সালে গঠিত এসএইএসের প্রথম সম্মেলন ওই বছরই কলম্বোতে অনুষ্ঠিত হয়। এরপর ২০০৯ সালে দিল্লি, ২০১০ সালে কাঠমান্ডু এবং এবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ সম্মেলন। দক্ষিণ এশিয়ার আট সদস্য দেশের ৬২ জন এবং উন্নয়ন সহযোগী সংস্থার ২১ জন প্রতিনিধি এবারের সম্মেলনে অংশ নেন।