মন্দির আগের অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ
চট্টগ্রামের হাটহাজারীতে ভাঙচুর হওয়া মন্দির, বাড়িঘরসহ স্থাপনাগুলো আগের অবস্থায় ফিরিয়ে নিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদালত একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে বলেন। গত ৯ ও ১০ ফেব্রুয়ারি হাটহাজারীতে মন্দির, দোকানপাট, বসতবাড়িসহ স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ নিয়ে প্রকাশিত প্রতিবেদন ২৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী আদালতের নজরে আনেন। শুনানি নিয়ে ওই দিন আদালত স্বতঃপ্রণোদিত রুল জারি করেন। ওই ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। এ ছাড়া ভূমিকা ব্যাখ্যা করতে চট্টগ্রামের পুলিশ সুপার ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) গতকাল হাজির হতে নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশনা অনুসারে গতকাল পুলিশ সুপার ও ওসি আদালতে হাজির হন।পুলিশ সুপার আদালতকে জানান, ওই ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার উসকানিদাতা হিসেবে চারজনকে শনাক্ত করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন শুনানি করেন। পুলিশ কর্মকর্তাদের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু। এ ছাড়া আইনজীবী সুব্রত চৌধুরী শুনানিতে অংশ নেন।