মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম বন্ধ হতে চলেছে
কালী মায়ের ও সরস্বতী দেবীর প্রণামমন্ত্রসহ হিন্দু ধর্মাবলম্বী শিশুদের নানা মন্ত্র শেখার স্থান মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষাকেন্দ্রগুলো বন্ধ হতে চলেছে। হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নাধীন এই প্রকল্পের দ্বিতীয় দফার মেয়াদ শেষ হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষাবর্ষের মাঝপথে গতি হারিয়ে গেছে শিশুদের ধর্ম শেখা কার্যক্রমের।ওই সব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকেরা দাবি করেছেন, শিশুদের কথা চিন্তা করে তাঁরা কোনো রকম তাঁদের প্রতিষ্ঠানগুলো সচল রেখেছেন। কিন্তু পারিশ্রমিক ও শিক্ষার উপকরণ না পেলে তাঁরা বেশি দিন এভাবে ধরে রাখতে পারবেন না। এ জন্য তাঁরা প্রকল্পের মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়েছেন। তা না হলে দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মাবলম্বী শিশুদের মন্ত্রসহ ধর্ম শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে বলে তাঁরা আশঙ্কা করছেন।মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ঝিনাইদহ জেলার সহকারী পরিচালক মোজাহিদুল ইসলাম জানান, মুসলমান শিশুদের ধর্ম শিক্ষার জন্য পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ন্যায় হিন্দু শিশুদের জন্য মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে ২০০৩ সাল থেকে। হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট এই শিক্ষা প্রকল্প বাস্তবায়ন করছে। ঝিনাইদহ জেলায় এই প্রকল্পের আওতায় ৬৪টি গণকেন্দ্র রয়েছে। যেগুলো প্রতিষ্ঠা পেয়েছে বিভিন্ন মন্দিরে। প্রতিটি কেন্দ্রে ৩০ জন শিশু হিসেবে এক হাজার ৯২০ জন শিশু ধর্ম শিক্ষা গ্রহণ করছে। দেশের মোট ৩২টি জেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেখানে কেন্দ্র রয়েছে দুই হাজার ৮০৪টি। সেখানে প্রায় ৮৫ হাজার শিশু পড়ালেখা করছে। এই প্রকল্পে ১৪১ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। আর শিক্ষক আছেন দুই হাজার ৮০৪ জন।সংশ্লিষ্ট বিভাগের একটি সূত্র জানায়, প্রকল্পটির প্রথম পর্যায় ২০০৩ সালে শুরু হয়ে শেষ হয় ২০০৭ সালে। সে সময় ২১টি জেলায় এই কার্যক্রম চালানো হয়। এরপর হিন্দু ধর্মীয় শিক্ষা নেওয়া শিশুদের কথা চিন্তা করে সরকারের ধর্ম মন্ত্রণালয় প্রকল্পের মেয়াদ আরও তিন বছর বৃদ্ধি করে। সঙ্গে সঙ্গে প্রকল্পের এলাকাও বাড়ানো হয়। প্রথম দফায় প্রকল্পের এলাকা ২১টি জেলা থাকলেও দ্বিতীয় দফায় ৩২টি জেলা অন্তর্ভুক্ত করা হয়। চলতি ২০১০ সালের ৩০ জুন প্রকল্পের দ্বিতীয় দফার মেয়াদও শেষ হয়েছে।প্রাক-প্রাথমিক স্তরের শিশুরা এই কেন্দ্র থেকে ধর্ম শিক্ষা নিয়ে প্রাইমারি স্কুলগুলোতে ভর্তি হয়। মাত্র এক হাজার ২০০ টাকার সম্মানিতে পাঠদান করাতে আসা শিক্ষকেরাও এটাকে ধর্মের কাজ মনে করেন। প্রকল্পের নিয়ম অনুযায়ী ৩০টি শিশুর অতিরিক্ত কেন্দ্রগুলোতে ভর্তি করা যায় না। এই ৩০টি শিশুর শিক্ষার উপকরণ প্রকল্প থেকে দেওয়া হয়।সরেজমিনে কালীগঞ্জ শহরের কালীবাড়ি মন্দিরে দেখা যায়, সেখানকার শিক্ষিকা সোনালী রায় শিশুদের পাঠদান করাচ্ছেন। তিনি জানান, এখানে ছাড়া বাচ্চাদের সনাতন ধর্মের নানা মন্ত্র শেখার আর কোনো ব্যবস্থা নেই। যে কারণে তাঁরা প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন। গত তিন মাস তাঁরা সম্মানি পাননি। এমনকি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় তাঁরা কোনো বোনাস পাননি। তার পরও ধর্মের কাজ মনে করে পাঠদান কার্যক্রম এখনো চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না হলে একদিকে যেমন তাঁদের সম্মানি বন্ধ থাকবে, অন্যদিকে শিক্ষার উপকরণ পাওয়া যাবে না। সে ক্ষেত্রে প্রতিষ্ঠান সচল রাখা অসম্ভব হয়ে পড়বে। কোটচাঁদপুর উপজেলার তালসার কেন্দ্রের শিক্ষক সুব্রত সরকার জানান, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁরা হিন্দু ধর্মের পাশাপাশি সাধারণ শিক্ষাও দিয়ে থাকেন। ইতিমধ্যে এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য তাঁরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন। কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। একই উপজেলার ঘোষপাড়া মন্দিরের শিক্ষক সঞ্চয় ঘোষ জানান, বছরের মাঝামাঝি সময়ে প্রকল্প শেষ হয়ে যাওয়ায় তাঁরা আরও বেশি বিপাকে পড়েছেন।