মন্দিরে চলে নেশাদ্রব্য সেবন ও বিক্রি!
‘ধর্ম প্রতিষ্ঠানে নেশা কেন? নেশামুক্ত কালীবাড়ি চাই। এই অন্যায়-অবিচারের প্রতিকার চাই’—এভাবে পোস্টারের মাধ্যমে তিনটি মন্দিরে নেশাখোরদের অবাধ বিচরণ থেকে মুক্তি পেতে প্রতিবাদ জানিয়েছেন মাদারীপুর জেলার শিবচর পৌরবাজারের পূজারিরা। শুধু পূজারিরাই নন, এ প্রতিবাদে শামিল হয়েছে শিবচরের সাধারণ মানুষও। আর এ পোস্টারগুলো বাজারঘাট, প্রশাসনিক কার্যালয়, স্কুল-কলেজসহ বিভিন্ন মন্দিরে সাঁটানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে থেকে সন্ধ্যার পর রাত বাড়ার সঙ্গে সঙ্গে পৌরবাজারের স্বর্ণকারপট্টি সংলগ্ন কালীমন্দির, লোকনাথ মন্দির ও দুর্গামন্দিরে নেশাখোরদের আনাগোনা বাড়তে থাকে। গভীর রাত পর্যন্ত মন্দির নেশাখোরদের আড্ডাস্থলে পরিণত হয়। শুধু সেবনই না, এখানে চলে গাঁজা, ফেনসিডিলসহ নানা ধরনের নেশাদ্রব্যের অবাধ বিকিকিনি। ফলে পূজারিদের মন্দির প্রাঙ্গণে দেব-দেবীর পূজা-অর্চনাতে বিঘ্ন ঘটছে। নেশাখোর ও বিক্রেতারা স্থানীয় প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধাচরণ করার সাহস না পাওয়ায় পোস্টার বের করা হয়েছে।পৌরবাজারের ব্যবসায়ী জালাল, সিরাজসহ অনেকে বলেন, ‘মন্দির হলো পবিত্র স্থান। এখানে আসে মানুষ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে। আর সেই পবিত্র স্থানে যদি নেশার মতো খারাপ জিনিসের সেবন ও বেচাকেনা চলে তাহলে আমাদের মতো দুর্ভাগ্যবান লোক আর হয় না। অন্ততপক্ষে মন্দিরে পূজারিদের প্রার্থনা করার জন্য পরিবেশ তৈরি করতে কর্তৃপক্ষের একটু কঠোর দৃষ্টি দেওয়া উচিত।’ পৌর এলাকার শ্রীমতী ভানু রানী, শ্যামলা রানী, বিউটি রানীসহ কয়েকজন বললেন, ‘অনেক সময়ই মন্দিরে পূজা দিতে গিয়ে দেখা যায় নেশাখোর নেশা খাচ্ছে ও বিক্রি করছে। তখন কোনো রকমে পূজা সেরে চলে আসি। ভগবানের কাছে ভালোমতো প্রার্থনাও করতে পারি না।’ স্থানীয় পূজারি শংকর ঘোষ বলেন, ‘গাঁজার ধোঁয়ায় টিকতে না পেরে গত পরশু দেব-দেবীকে প্রণাম না করেই চলে আসতে বাধ্য হয়েছি। পরিস্থিতি দেখে মনে হয় এটি কোনো নেশার বাজার।’মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক গোপাল দাস বলেন, ‘মন্দিরে প্রাচীর না থাকায় সন্ধ্যার পর থেকেই নেশাখোরদের তৎপরতা বেড়ে যায়। শুধু এই মন্দিরেই না, সব মন্দিরেই নেশাখোররা তৎপর।’শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর হোসেন বলেন, ‘জায়গাটি নিরিবিলি হওয়ায় নেশাখোররা সুযোগটি নিচ্ছে। তবে আমরা ইতিমধ্যে এই মন্দিরসহ সব মন্দিরে অভিযান শুরু করেছি।’শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘ধর্মীয় উপাসনালয়ে কোনো অবস্থাতেই নেশাখোরদের উপস্থিতি সহ্য করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’