মন্দিরে মালিয়ার ৩ কেজি স্বর্ণ দান
ভারতের অন্যতম শীর্ষ ধনী, কিংফিশার এয়ারলাইনসের মালিক বিজয় মালিয়া তাঁর ৫৭তম জন্মদিনটি পালন করলেন ভিন্নভাবে। দেবতা বিষ্ণুর অনুগ্রহ লাভের আশায় আজ মঙ্গলবার তিরুপতি মন্দিরে তিন কেজি ওজনের সোনার প্লেট দান করেছেন তিনি।এনডিটিভির খবরে বলা হয়, অন্ধ্র প্রদেশের চিতোর জেলার পাহাড়ি শহর তিরুমালায় অবস্থিত মন্দিরটিতে মালিয়া নিজে সোনার প্লেটটি হস্তান্তর করেন। এর আগেও মালিয়া ওই মন্দিরে বিভিন্ন সময়ে প্রায় আট কেজি স্বর্ণ দান করেছিলেন। তিরুপতি মন্দিরের সহকারী নির্বাহী কর্মকর্তা চিনাঙ্গারি রামানা এনডিটিভিকে জানান, সোনার প্লেটটি গ্রহণ করে মালিয়াকে একটি প্রাপ্তিস্বীকারপত্র দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে বিজয় মালিয়া সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দেওয়া টুইটে বলেন, ‘আপনাদের সবার কাছ থেকে জন্মদিনের শুভকামনা পেয়ে আমি অভিভূত। আমি এখন তিরুপতি মন্দিরে। আশা করি দেবতা বিষ্ণু আমাদের সবাইকে আশীর্বাদ করবেন।’ভারতের শীর্ষস্থানীয় ধনীদের একজন মালিয়া ‘ইউবি’ গ্রুপের চেয়ারম্যান ও কিংফিশার এয়ারলাইনসের মালিক। তবে এ বছরের বেশির ভাগ সময় এয়ারলাইনস-কর্মীদের বেতন দিতে না পারায় গত অক্টোবর থেকে কিংফিশারের উড্ডয়ন বন্ধ রয়েছে।