মন্দিরে হামলায় সম্পৃক্ততা অস্বীকার জামায়াতের
সারা দেশে মন্দির, গির্জা, প্যাগোডা অথবা অন্য কোনো উপাসনালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ দাবি করেন। বিবৃতিতে দাবি করা হয়, জামায়াতে ইসলামী সব ধর্মাবলম্বীর প্রতি সম্মান প্রদর্শন করে। সেখানে বলা হয়, ‘আমরা লক্ষ্য করছি, দেশের আলেম, ওলামা, পীর-মাশায়েখ ও সাধারণ মুসল্লিদের ওপর সরকার বেপরোয়াভাবে চড়াও হয়ে গুলি চালিয়ে গণহত্যা করছে। সরকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে তালা লাগিয়ে দিয়েছে। সরকারের এহেন গণবিরোধী কর্মকাণ্ডের কারণে জনমনে সৃষ্ট পুঞ্জীভূত ক্ষোভ ভিন্নদিকে প্রবাহিত করার উদ্দেশ্যে অত্যন্ত সুকৌশলে মন্দির, গির্জা, প্যাগোডা ও অমুসলিমদের ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানোর দায়িত্ব জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দিয়ে সরকার ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে।’এদিকে আগামী রোববার ও সোমবারের হরতাল সফল করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। পুলিশের গুলিতে এ পর্যন্ত ৮৪ জন নিহত হয়েছেন বলে ওই বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘দেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। মানুষের রক্ত আপনাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। প্রতিটি লাশ এ সরকারের জন্য কঠিন বিপর্যয় ডেকে আনবে।’বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ‘সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে তথাকথিত মানবতার বিরুদ্ধে অপরাধের মিথ্যা মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির আদেশ দিয়ে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিক্ষেপ করেছে।’ বিবৃতিতে সই করেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের মো. ইব্রাহিম।