শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। আজ শনিবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ কথা জানা যায়।নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতিমন্ত্রী খালিশপুরের ১২ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ তুলেছেন ১৮-দলীয় জোট-সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান। তিনি আজ এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।মন্নুজান সুফিয়ান আজ শনিবার আর কোনো উন্নয়নকাজ পরিদর্শন করেননি। খুলনার রেলগেট এলাকার নিজ বাসায় তিনি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেছেন। আজ রাতেই তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তাজুল ইসলাম ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী পারভীন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের তদন্ত চলছে। খুলনার আঞ্চলিক তথ্য কর্মকর্তা জাকির হোসেন আজ বিকেলে প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রতিমন্ত্রীর কাছ থেকে আমরা যে বার্তা পেয়েছি, এতে আজ (শনিবার) তাঁর কোনো সরকারি কর্মসূচি ছিল না। তবে তিনি খুলনাতেই ছিলেন। রাতে তিনি সড়কপথে কাওরাকান্দি-মাওয়া হয়ে ঢাকা ফিরবেন।’ খুলনার বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামান বলেন, ‘১২ নম্বর ওয়ার্ডে প্রতিমন্ত্রীর প্রচারণা নিয়ে যে ছবি ও খবর ছাপা হয়েছে, তা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছি।’ সিটি করপোরেশন নির্বাচনের কয়েক দিন আগে গতকাল শুক্রবার খুলনার ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন মন্নুজান সুফিয়ান। এ সময় এলাকার আওয়ামী লীগের নেতারা ছাড়াও দুজন কাউন্সিলর পদপ্রার্থী তাঁর সঙ্গে ছিলেন। অথচ সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১০-এর ১৪ এর (ক) বিধিতে বলা আছে, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাঁদের সমমর্যাদাসম্পন্ন সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না। মুন্নুজান সুফিয়ান প্রথম আলো ডটকমকে বলেন, আইনটি তাঁর জানা ছিল না। তিনি কোনো প্রচারণায়ও অংশ নেননি। প্রতিমন্ত্রীর এই সফর সম্পর্কে জানতে চাইলে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোস্তফা ফারুক প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি আপনাদের পত্রিকার ছবি ও খবর দেখেছি। পুরো বিষয়টি জানতে ১২ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দিয়েছি। সবকিছু জানার পর এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেব।’