মমতা এখন ধর্মানুরাগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বইয়ের দশকে খোলামেলা পোশাকে অভিনয় করে বেশ ভালোই আলোচিত হয়েছিলেন মমতা কুলকার্নি। অশ্লীলতার দায়ে মামলা তো হয়েছিলই, রক্ষণশীল ধর্মীয় সংগঠনগুলোর কাছ থেকে মৃত্যুর হুমকিও পেয়েছিলেন। তবে সম্প্রতি কুলকার্নির খবরাখবর দেখে চোখ সত্যিই কপালে উঠছে। একসময়ের লাস্যময়ী নায়িকা এখন নাকি বনে গেছেন ধর্মানুরাগী। রুপালি পর্দার জগেক বিদায় বলার পর ১২-১৩ বছর ধরে কুলকার্নি নাকি ঈশ্বরসেবাই করে যাচ্ছেন ।নব্বইয়ের দশকের এই বলিউড তারকা মাঝেমধ্যেই নানা বিতর্কে জড়িয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন। একসময় শোনা গিয়েছিল, তিনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কুখ্যাত মাদক ব্যবসায়ী ভিকি গোস্বামীকে বিয়ে করেছেন, এমন গুজবও শোনা গিয়েছিল। কিন্তু দীর্ঘদিন পর সরব হয়ে এসব কথাবার্তা উড়িয়ে দিয়েছেন কুলকার্নি। জানিয়েছেন, নিজের আধ্যাত্মিক জীবনের কথা। ‘এক যোগিনীর আত্মকথা’ শীর্ষক একটি বইও লিখেছেন। সম্প্রতি তিনি বলেছেন, ‘কারও কারও জন্ম হয় এই দুনিয়ায় কাজের উদ্দেশ্যে আর কেউ কেউ আসে ঈশ্বরের সেবা করার জন্য। আমার মনে হয় আমি এই দ্বিতীয় ভাগেই পড়েছি।’তবে এখন কোথায় থাকছেন সে সম্পর্কে কোনো কিছুই প্রকাশ করতে চাননি ৪১ বছর বয়সী কুলকার্নি। আর এর আত্মগোপনের পেছনেও ধর্মীয় কারণ দেখিয়েছেন তিনি। বলেছেন, ‘এই ১২-১৩ বছরে আমার পরিবারের লোকজনও জানত না আমি কোথায় আছি, কী করছি। এটাই এই আধ্যাত্মিক জগতের দাবি। আগের সেই বলিউড তারকা মমতা কুলকার্নি ইতিমধ্যেই মারা গেছে। এখন দিনের ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই আমি ঈশ্বরের সেবায় নিয়োজিত থাকি। কারও কাছ থেকে কিছু শোনার, দেখার সময়টা কোথায়? এই ১২ বছরে আমি কোনো মেকআপও করিনি, পারলারে যাইনি, একটা সিনেমা দেখিনি। এমনকি আয়নায় নিজের চেহারাটাও দেখিনি।’