মমতা দিয়ে জয় করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর পর তিনটি মৃত্যু নিয়েই অনেক লেখালেখি হচ্ছে। কিন্তু এই মৃত্যুই আমাদের অজান্তে ঘটে যাচ্ছে শত শত। আমরা সবকিছু শেষ হওয়ার পরই সচেতন হয়ে উঠি। কিন্তু এ ঘটনাগুলো কি এক দিনে হয়েছে? নিশ্চয়ই এই প্রতিটি মেয়ে এক দিনে এ সিদ্ধান্ত নেয়নি। স্বামী যখন দ্বিতীয় বিয়ে করে, তখন নিশ্চয়ই এ কথা দুই বাড়ির সবাই জানত। মেয়েটি নিশ্চয়ই তার স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতির কথা তার বাবা-মা, ভাই-বোনকে বলেছে। বলেছে তার কাছের বন্ধুকে; সবশেষে আসে শ্বশুরবাড়ির কথা। ঘটনাটা এক দিনের নয়। বাংলাদেশের একজন ডাকসাইটে সাংবাদিক, তাঁরই নাতি-নাতনিরা তাদের কাঁচা হাতের লেখা দিয়ে ওইটুকু কচি প্রাণে পাওয়া কষ্টের কথা লিখে তাদের বাড়িটাকে খবরের কাগজ বানিয়ে আমাদের বিবেককে কি নাড়া দিতে পেরেছে? এত শিক্ষিত একজন ব্যক্তি নিজের ছেলের বউকে তাঁরই নাতি-নাতনির সামনে স্ট্যাম্প পেপারে লেখিয়ে ওই বাচ্চাগুলোকে শেখালেন যে ওই কাগজে লিখলে কোনো কথা আর অস্বীকার করা যায় না। কষ্ট বুকে নিয়ে কচিপ্রাণগুলো চলে গেল। উহ্! বিশ্বাস হয় না এ ঘটনা। এ কেমন দাদা-দাদি, এই ঘটনা থেকে মনে হয়, আমরা যেন সেই গুহার যুগে ফিরে গেছি। মায়া-মমতা, স্নেহ, মনুষ্যত্ববোধ কি আদৌ আছে আমাদের মধ্যে? এত কিছু হলো, ফারজানার মা-বাবা কি একটুও জানতেন না মেয়ের এই যন্ত্রণার কথা?আরেকজন ভালোবেসে বিয়ে করে যৌতুকের জন্য গায়ে কেরোসিন ঢেলে পৃথিবী থেকে চলে গেল? সে কি কখনো তার এই যন্ত্রণার কথা তার পরিবার, বন্ধু, বোন—কাউকে বলেনি? আরেকজন নিজের সন্তানের গায়ে কেরোসিন ঢেলে নিজের গায়েও কেরোসিন ঢেলে মৃত্যুকে আলিঙ্গন করল? অন্যজন এক সন্তানের কাছে অন্য সন্তানকে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জীবনের যন্ত্রণা থেকে মুক্তির পথ খোঁজে? এ রকম কতগুলো ঘটনার কথা আমরা জানি, কতগুলো ঘটনাই বা খবরের কাগজে আসে? আমরা কি শুধু ঘটনাগুলো ঘটে গেলে কিছুদিনের জন্য খুব সচেতন হয়ে ওঠার চেষ্টা করি, কিন্তু যে যাওয়ার সে তো চলেই গেল। বিচারই বা কি হচ্ছে? এত কথা, এত লেখা, তাতে কি চলে যাওয়া মানুষগুলো ফিরে আসবে? আমরা কি পারি না নিজের পরিবারের মানুষগুলোর প্রতি আরও বেশি সচেতন, দায়িত্ববান হতে? আমি জানি, আমার লেখাটা পড়ে খুব অবাক লাগছে, কিন্তু খুব গভীরভাবে ভেবে অনেক সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আসলে সমস্যাগুলো এক দিনে হয় না, খুব আস্তে আস্তে সমস্যাগুলো গুটি গুটি পায়ে এগোতে থাকে, কিন্তু আমরাই ভাবি ‘ঠিক হয়ে যাবে’। ঠিক হওয়ার জন্য অবশ্যই কিছুদিন সময় দিতে হবে। কিছু ছাড় দিতে হবে। আমি বলতে চাইছি, দুটি ভিন্ন সংসার থেকে আসা দুটি মানুষ সারা জীবনের জন্য একসঙ্গে বসবাসের অঙ্গীকারে আবদ্ধ হয়ে যখন নতুন কতগুলো মানুষের সঙ্গে বসবাস করতে শুরু করে, তখন তো অনেক অসুবিধা হতেই পারে। সেসব অসুবিধা দুই পরিবারের সহযোগিতা, স্নেহের মাধ্যমে ঠিকও হয়ে যায়। এখানে স্বামীর ভূমিকাটাই বেশি। মেয়েরা সমর্পণের জন্য অপেক্ষায় থাকে, স্বামীকে গ্রহণ করার মতো মমতাময় হতে হয়। তাই হয়ে আসছিল আমাদের দাদা-দাদি, নানা-নানি, মা-বাবাদের বেলায়। যুগের সঙ্গে আমাদের সংসারের পটভূমিকাও বদলে গেছে। তার মানে এই নয়, আমাদের স্নেহ, মমতা, ভালোবাসা সব ফুরিয়ে গেছে। নয় মাস যে সন্তানকে পেটে ধরে তাকে বুকের সুধা নিংড়ে বড় করে বিয়ে দিলেই তো আর মা-বাবার সব দায়িত্ব শেষ হয়ে যায় না। আমার মেয়েটা যখন দিনের পর দিন ছোটখাটো কষ্টের কথা বা ঝামেলার কথা বলে, তখন তাকে ‘সব ঠিক হয়ে যাবে’ না বলে এখন সময় এসেছে প্রথম থেকেই ব্যাপারগুলোকে খুবই গভীরভাবে নেওয়ার।ফারজানা বা এই তিন মেয়ে এক দিনে এ সিদ্ধান্ত নেয়নি। অনেক দিন ধরে অপমান, অবহেলা সহ্য করে, যাওয়ার কোনো পথ খুঁজে না পেয়ে সন্তানকে কীভাবে মানুষ করবে, বাবা-মা সমাজে কীভাবে মুখ দেখাবে, ভাইবোনদের ভালো বিয়ে হবে না। ...ইত্যাদি ভেবে হয়তো সিদ্ধান্ত নিয়েছে। তবে এটাও ঠিক আত্মহত্যা কোনো সমাধান নয়। অথচ কষ্ট হয় ভাবতে কত সহজ ছিল তাদের বেঁচে থাকাটা। এই বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন যাদের সে বলেছিল তার সমস্যার কথা। তারা যদি সমস্যাগুলো ‘ঠিক হয়ে যাবে’ বলে উড়িয়ে না দিয়ে ব্যাপারগুলো যেভাবে নেওয়া দরকার ছিল সেভাবে নিত, তবে ঘটনাগুলো এমন না-ও হতে পারত। কোনো সমস্যা ঠিক হয়, আর কোনোটা হয় না। আপনজনেরা তো সমাজকে ভয় না পেয়ে মেয়েটার জীবনের ভবিষ্যতের কথা ভেবে তাকে সাহায্য করতে পারত। কিন্তু দেখা যায়, তারাই সমাজকে ভয় পেয়ে বা নিজে সামলাতে পারবে না বলে ‘ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে’ বলে সমস্যাটাকে ধামাচাপা দেয়। ‘আমার এমন কী আছে যে মেয়েকে দুটি বাচ্চা নিয়ে সাহায্য করব?’ এভাবে ভাববেন না। আপনার দুটি হাত আছে, আছে বুকভরা ভালোবাসা, আছে মায়ের মমতা; যা এই মুহূর্তে তার দরকার, তাই দিয়ে আপনার আঁচলে তাকে ঢেকে, বুকে টেনে নিন। তাকে নতুন করে বাঁচতে সাহায্য করুন। বিয়ে একটা ‘কন্ট্রাক’ আজীবনের জন্য চোখে কালো কাপড় বেঁধে, কানে তুলো গুঁজে বা শ্বশুরবাড়িতে বাবার বাড়ি থেকে লাখ লাখ টাকা এনে দিয়ে বা স্বামীর দ্বিতীয় বিয়েকে হাসিমুখে মেনে নিয়ে জীবন কাটানো নয়। যেখানে কিছুতেই একসঙ্গে থাকার মতো নয়, নেই কোনো সম্মান, সেখানে বসবাস করা কেন?বিয়ে হলেই কি মা-বাবা পর হয়ে যাবে? আপনারা জীবনের হিসাবকে নতুন করে ভাবুন। জীবন কিন্তু কখনোই আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় না। সমস্যা আসবে, সমাধানও আছে। শুধু শান্তভাবে মোকাবিলা করা জরুরি। একেক সমস্যার একেক সমাধান। আমার এই লেখা পড়ে অনেকেই ভাবছেন, এভাবে বলাটা সোজা। নিজে তো এই জায়গায় পড়েনি বুঝবে কী। হ্যাঁ, আমিও একদিন এই পিচ্ছল অন্ধকার গলি দিয়ে একা হেঁটে এসেছি, পথ দেখিয়ে ছিলেন আমার মা। আমিও কাউকে কিছু না বলে আত্মহত্যা করতে চেয়েছি। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে পারিনি। এক বছর মুড়ির মতো ঘুমের ওষুধ খেয়ে জীবন থেকে পালাতে চেয়েছি। শেষে নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে ১৪ বছরের সংসারের মায়ার বাঁধন ভেঙে, রীতিমতো পালিয়ে বাবার বাসায় চলে এসেছিলাম। সেখানেও মা ছাড়া কেউ পাশে দাঁড়াননি। আমার বাবা ছিলেন না। আবারও বাবার বাড়ি ছেড়ে আমি আমার মায়ের হাত ধরে বাচ্চা দুটি নিয়ে নতুন অপরিচিত শহরে চলে গেছি, মা আমাদের নিয়ে নতুন করে বাঁচার পথ দেখালেন। আমার মা তাঁর স্বামী না থাকা সত্ত্বেও অন্য সন্তানদের প্রচণ্ড আপত্তির মুখে আমাকে নিয়ে নিজের হাতে বানানো স্বামীর ভিটা ছেড়ে চলে এসেছিলেন ‘সো কলড’ আপনজনদের ছেড়ে অনেক দূরে। আমাদের তিনজনকে তাঁর আঁচলের নিচে রেখে বারবার শুধু বলতেন, ‘মা, সব ভুলে যাও, অতীতকে মনে রাখলে সে তোমাকে পেছনে টেনে নেবে। সামনে দেখো, নিজের পায়ে দাঁড়াও, আমি তোমার বাচ্চাদের দেখব, তোমাকেও দেখব। ভয় পেয়ো না, আমি যত দিন আছি তোমাদের বুক দিয়ে আগলে রাখব।’ তাই করেছেন আমার মা, যত দিন বেঁচে ছিলেন। আজ আমার মাকে আমি ছুঁতে পারি না, মায়ের গন্ধ পাই না। ক্লান্ত হয়ে মায়ের খাটে এসে মাকে পাই না, কিন্তু এখনো তিনি আমার কানে কানে সব সময় বলে দেন, আমাকে কখন কী করতে হবে। আমার মা এখনো আমার মাঝে আছেন, আমি টের পাই। ভাইবোনদের অপমান এবং অবহেলাকে দূরে ঠেলে আজ আমি নতুন জীবনে আছি শুধু মায়ের কারণে। আমি বিশ্বাস করি বেঁচে থাকাটাই আসল কথা।