মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার গঠনের আহ্বান
পশ্চিমবঙ্গের গভর্নর এম কে নারায়ণন আজ সোমবার তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার গঠনের আহ্বান জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। রাজভবন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই এ কথা জানিয়েছে।তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আছেন। তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন। তবে এই অনুষ্ঠানের তারিখ এখনো ঠিক হয়নি।গতকাল রোববার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার নেতা হিসেবে নির্বাচিত করা হয়। উপনেতা হিসেবে নির্বাচিত হন পার্থ চট্টোপাধ্যায়। এই নির্বাচনের বিষয়টি প্রস্তাব আকারে গভর্নরের কাছে পাঠানো হয়। এই প্রস্তাবের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ১৮৪ জন এমএলএর নামও দেওয়া হয়। এদিকে পশ্চিমবঙ্গ কংগ্রেসও তাদের সমর্থন জানিয়ে গভর্নরকে চিঠি দেয়।