মমতাকে খামখেয়ালিপনা কমানোর পরামর্শ
প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কন্ডেয় কাটজু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো এক চিঠিতে বলেছেন, মমতাকে আরও সহিষ্ণু হতে হবে। কমাতে হবে তাঁর খামখেয়ালিপনা। বদলাতে হবে তাঁর আচরণ। নইলে বেশিদিন মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন না। গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে ই-মেইলে মমতার কাছে কাটজু তাঁর চিঠিটি পাঠিয়েছেন। চিঠিতে কাটজু বলেছেন, অসহিষ্ণু হলে মুখ্যমন্ত্রীর চলবে না। তাঁকে সহিষ্ণু হতে হবে। চিঠিতে তিনি মমতাকে উদ্দেশ করে আরও বলেন, ‘আপনার মন্ত্রী ও আমলারা দারুণ ভীত। খোলামনে কথা বলতে পারছেন না, ভয় পাচ্ছেন। এই ভীতির কারণ আপনার আচরণ। এর ফলে রাজ্যে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। এটা রাজ্যের পক্ষে ক্ষতিকর।’ মমতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘তাই বদলাতে হবে আপনার খামখেয়ালিপনা, একগুঁয়েমি ভাব। নইলে বেশিদিন মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন না।’ কাটজু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, মেদিনীপুরের কৃষক শিলাদিত্য, কলকাতার সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) দময়ন্তী সেন ও প্রেসিডেন্সি কলেজের ছাত্রী তানিয়া ভরদ্বাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলেছেন মমতাকে। একই সঙ্গে অম্বিকেশ মহাপাত্র ও শিলাদিত্য চৌধুরীকে যে পুলিশেরা গ্রেপ্তার করে হেনস্তা করেছিলেন, তাঁদের শাস্তি দেওয়ার কথাও বলেছেন। প্রসঙ্গত, অম্বিকেশ মহাপাত্র একটি কার্টুন-কাণ্ডের জেরে গ্রেপ্তার হন। শিলাদিত্য মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর এক জনসভায় সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে গেলে পুলিশ তাঁকে মাওবাদী তকমা দিয়ে গ্রেপ্তার করে। তানিয়া ভরদ্বাজ কলকাতার টাউন হলে ভারতের একটি টিভি চ্যানেলের এক টক শোতে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে ফেঁসে যান। মুখ্যমন্ত্রী তাঁকে মাওবাদী আখ্যা দিয়ে টক শোর স্থান ত্যাগ করেন। আর দময়ন্তী সেন কলকাতার পার্ক স্ট্রিটের একটি ধর্ষণকাণ্ড প্রমাণ করায় তাঁকে অন্যত্র বদলি করা হয়। দময়ন্তী সেনকে পূর্বপদে ফিরিয়ে আনার কথাও বলেন কাটজু।পশ্চিমবঙ্গের কংগ্রেস, বামদলসহ বিভিন্ন রাজনৈতিক দল এই চিঠির জন্য কাটজুকে ধন্যবাদ জানিয়ে বলেছে, পশ্চিমবঙ্গের মানুষের মনের কথাই উঠে এসেছে এবার কাটজুর চিঠিতে। ছবি নিয়ে মমতার চাঁদাবাজিসিপিএম রাজ্য কমিটির নেতা গৌতম দেব গতকাল বুধবার কলকাতার বরাহনগরে সিপিএম আয়োজিত এক জনসভায় বলেছেন, মমতা এখন তাঁর আঁকা ছবি নিয়ে চাঁদাবাজি করছেন। তিনি বলেছেন, মমতা নিজেই বলেছেন, তাঁর আঁকা ছবি বিক্রি করে দল চলছে। এরই পরিপ্রেক্ষিতে গৌতম দেব মন্তব্য করেন, ‘উনি কি দ্য ভিঞ্চি না পিকাসো যে ছবি বিক্রি করে কোটি কোটি টাকা তোলেন।’ কারা এই ছবি কিনছেন, তাঁদের নাম প্রকাশ করারও দাবি তোলেন গৌতম দেব। তিনি অভিযোগ করেন, ‘ছবি বিক্রি করার নামে চলছে একধরনের চাঁদাবাজি। এক-একজনকে ছবি দিয়ে বলা হচ্ছে এত টাকা দিতে হবে।’