মমতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ফাঁসলেন বিধায়ক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার আপত্তিকর মন্তব্য করে ফেঁসে গেলেন সিপিএমের বিধায়ক ও সাবেক মন্ত্রী আনিসুর রহমান। উত্তর দিনাজপুর জেলার ইটাহারে অনুষ্ঠিত সমাবেশে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দিদিমণি, ধর্ষিতার ফি তো কুড়ি হাজার, আপনার ফি কত?’ গত বুধবার ওই সমাবেশে সাম্প্রতিক ধর্ষণকাণ্ড নিয়ে মন্তব্যের একপর্যায়ে তিনি এসব বলেন।এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে সাবেক ওই মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে। এ ঘটনায় রাজ্য পুলিশের মহাপরিচালককে (ডিজি) আগামী তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া দিয়েছে। এদিকে রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের নেতা পার্থ চট্টোপাধ্যায় আনিসুর রহমানের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন। যদিও আনিসুর রহমান সংবাদ সম্মেলন করে মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসীর কাছে বেফাঁস মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তাঁর দল সিপিএমও এ মন্তব্যকে কুরুচিকর হিসেবে বিবেচনা করে বলেছে, ‘আনিসুর রহমানের মন্তব্যের সঙ্গে দল একমত নয়।’ আরেক মন্ত্রীরও ক্ষমা প্রার্থনাএদিকে সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া রাজ্যের নতুন মন্ত্রী হুমায়ুন কবির গত সপ্তাহে একটি বেসরকারি নির্মাণ সংস্থার ম্যানেজারকে ফোনে প্রাণনাশের হুমকি দেন। হুমায়ুন কবির এই নির্মাণ সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। টাকা-পয়সার হিসাব নিয়ে ম্যানেজার সন্তু সিনহাকে মুঠোফোনে গালি দেন ওই মন্ত্রী। ম্যানেজার সেই কথোপকথন ও গালিগালাজ রেকর্ড করে রেজিনগর থানায় মন্ত্রীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরই মন্ত্রী মুঠোফোনে সন্তু সিনহাকে অবিলম্বে জিডি প্রত্যাহার করার নির্দেশ দেন। অন্যথায় প্রাণনাশের হুমকি দেন সন্তুকে। এ হুমকির জন্য হুমায়ুন কবিরকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধীরা। যদিও হুমায়ুন কবির আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।