মমতাকে ব্যঙ্গ করে সুমনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারমাধ্যমের একাংশকে হুঁশিয়ার করেছিলেন সরকারবিরোধী ‘মিথ্যা খবর ছড়ানোর’ অপরাধে। কিন্তু এবার তাঁর বিরুদ্ধে শেল ছুড়েছেন বিধানসভায় তাঁরই দলের সদস্য এবং গায়ক কবীর সুমন।নিজের দল তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করতে গান করেছেন সুমন। রবীন্দ্রনাথের ‘মম চিত্তে’ গানটির প্যারোডি করে ‘শিলাদিত্য’ শিরোনামে তৈরি করা গানটি সুমন প্রকাশ করেছেন তাঁর ওয়েবসাইটে। নিজের দল ও নেতাকে কটাক্ষ করে গাওয়া গানটি তিনি পরিবেশনও করছেন বিভিন্ন গণমাধ্যমে। সুমন তাঁর নতুন এই প্যারোডি উত্সর্গ করেছেন শিলাদিত্য চৌধুরী নামের এক কৃষককে। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি মমতাকে প্রশ্ন করেন। বিব্রত মমতা উত্তর না দিয়ে শিলাদিত্যকে ‘মাওবাদী’ হিসেবে আখ্যায়িত করেন এবং তাত্ক্ষণিকভাবে পুলিশকে নির্দেশ দেন তাঁকে গ্রেপ্তার করার। তাঁকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই গানটি লেখেন কবীর সুমন। তিনি লিখেন—‘মম চিত্তে শিলাদিত্যে/ হাতেনাতে আমি ধরবই/ আমি ধরবই জেলে পুরবই। মম ভৃত্য হবে নিত্য শিলাদিত্য/ আমি পারব আমি পারবই, পেরে ছাড়বই। প্রতিবাদী মাওবাদী হতে বাধ্য/ প্রতিবাদের করে ছাড়বই আমি শ্রাদ্ধ/ পরিবর্তন গলা কর্তন প্রতিপাদ্য/ গলা কই কই, গলা কই কই, গলা কই কই। ক্ষমা করো রবিঠাকুর, তুমি জানো/ এ মুহূর্তে প্যারোডিতে, আছি কেন/বড় সুন্দর মিলে গেল ছন্দটা/ জমে দই দই, জমে দই দই, জমে দই।’ দ্য হিন্দুর এক খবরে বলা হয়, সুমন দাবি করছেন, গত সপ্তাহে আটক ওই কৃষককে মুক্তি দেওয়ার পেছনে তাঁর গানটির কিছু হলেও কৃতিত্ব আছে। তিনি বলেন, তাঁর পছন্দের রবীন্দ্র সংগীতগুলোর অন্যতম না হলেও, মম চিত্তে গানটির সুরের তাঁর গানটি বেশ মানিয়ে নিয়েছে।