মমতাকে রাজি করাতে এবার রাজনৈতিক দূত
তিস্তা পানিচুক্তি ইস্যুতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজি করানোর জন্য আমলাতান্ত্রিক উদ্যোগ বাদ দিয়ে এবার রাজনৈতিক পথে এগোতে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। এ চুক্তির বিষয়ে এত দিন মমতার সঙ্গে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা শিবশংকর মেনন আলোচনা করে আসছিলেন। কিন্তু তা শেষ পর্যন্ত কোনো ফল বয়ে আনেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বেঁকে বসায় সম্প্রতি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরকালে তিস্তা পানিচুক্তি স্বাক্ষর হয়নি। মনমোহন চাইছেন, মমতাকে রাজি করিয়েই পানিচুক্তি স্বাক্ষর। তাই তিনি এবার মমতার কাছে রাজনৈতিক দূত পাঠানোর উদ্যোগ নিচ্ছেন। মেননের স্থলে মনমোহন কেন্দ্রীয় পল্লী উন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ অথবা কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী পবন কুমার বানশালকে নিয়োগ করার চিন্তাভাবনা করছেন। কেন্দ্রীয় সরকার মনে করছে, আমলাতান্ত্রিক আলোচকদের বদলে রাজনৈতিক নেতাদের নিয়োগ করা হলে মমতাকে রাজি করানো যাবে। তাঁরা আশা করছেন, রাজনৈতিক পথে এগোলে আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের সঙ্গে তিস্তাচুক্তি সম্পন্ন করা সম্ভব হবে। সম্প্রতি জয়রাম রমেশ সফলভাবে মমতাকে কেন্দ্রীয় সরকারের ভূমি অধিগ্রহণ বিল মেনে নিতে রাজি করান। সে দৃষ্টিকোণ থেকে তাঁকেই তিস্তাবিষয়ক আলোচকের দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। গত ৭ সেপ্টেম্বর ঢাকা থেকে দিল্লি ফেরার সময় বিমানে সাংবাদিকদের মনমোহন বলেন, ‘আমি মনে করি, আমরা সবাই রাজনীতির মধ্যেই আছি। যেসব জ্যেষ্ঠ কূটনীতিকদের (মমতার কাছে) পাঠানো হয়েছিল, তাঁদের রাজনৈতিক দায়িত্বই দেওয়া হয়েছিল; তবে ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। আমি ভুলভ্রান্তির ঊর্ধ্বে—এমন দাবি করি না। আমি মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করা অব্যাহত রাখব।’দুই দেশের মধ্যে সমতার ভিত্তিতে (৫০: ৫০) পানি বণ্টনের ঘোর বিরোধী মমতা। তবে কেন্দ্রীয় সরকারের সূত্র জানিয়েছে, সরকারের রাজনৈতিক প্রতিনিধি মমতাকে তিস্তাচুক্তির ইতিবাচক দিক বোঝানোর চেষ্টা করবেন। তাঁরা তাঁকে বলবেন, বর্তমানে পশ্চিমবঙ্গ তিস্তা নদীর ২৫ শতাংশ পানি ব্যবহার করার সুযোগ পেলেও এ চুক্তির পর তাদের পানির হিস্যা আরও অনেক বাড়ানো হবে। শুধু তাই নয়, এ চুক্তি হলে উত্তরবঙ্গের ছোট ছোট সেচ প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের ঋণ পাওয়ারও নিশ্চয়তা মিলবে।