মমতাকে হত্যার ষড়যন্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যা করার এক চক্রান্ত ফাঁস হয়েছে বলে কলকাতার সরকারপন্থী বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল-১০’ আজ রোববার খবর প্রচার করেছে। ওই খবরে বলা হয়েছে, মানববোমা পাঠিয়ে মমতাকে হত্যার চক্রান্ত করা হয়েছে। চ্যানেল-১০-এর খবরে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার বেড়াজাল ছিন্ন করে প্রায়ই সাধারণ মানুষের সঙ্গে মিশে যান। এই সুযোগ কাজে লাগাতে চায় চক্রান্তকারীরা। তাই তারা মানববোমা পাঠিয়ে মমতাকে হত্যা করার চক্রান্ত করছে। আর এ কাজে ব্যবহার করা হবে নারীদের। খবরে বলা হয়েছে, এই লক্ষ্যে বাংলাদেশের দুই-তিনটি ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে যোগ দিচ্ছে নবম ও দশম শ্রেণীর ছাত্রীরা। তাদের গরিব ঘর থেকে তুলে আনা হচ্ছে। এদের মুর্শিদাবাদ ও মালদহের বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢোকানোর চেষ্টা চালানো হচ্ছে। এদের আশ্রয়স্থল হতে পারে পশ্চিমবঙ্গ লাগোয়া বিহারের কিষানগঞ্জ। তৃণমূলের সাংসদ ও বিশিষ্ট সাংবাদিক কুনাল ঘোষ ওই খবরের বরাত দিয়ে বলেছেন, ইতিমধ্যে বরিশালের অদূরের একটি ক্যাম্প থেকে ছয়জন কিশোরীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ। তারা পুলিশের কাছে ফাঁস করেছে তাদের চক্রান্তের কথা। এর পেছনে আছে বাংলাদেশের একটি জঙ্গি গোষ্ঠী। এ ব্যাপারে বরিশালের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, বরিশালে এ ধরনের কোনো নারীর গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। তিনি বলেন, বরিশাল শহরের কাছে আবাসিক হোটেলে অবৈধ দেহ-ব্যবসা করার অভিযোগে কয়েকজন নারীকে পুলিশ আটক করেছে। এ ছাড়া আর কোনো নারীর আটকের কথা তিনি জানেন না বলে জানান।