ময়মনসিংহের রিকশা-চালক মো. জয়নাল আবেদিনের মমতাজ হাসপাতাল ও বিদ্যালয়ের জন্য গঠিত তহবিলে এ পর্যন্ত ১২ লাখ ৬১ হাজার টাকা জমা পড়েছে। গত রোববার মমতাজ হাসপাতালে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে। হাসপাতালের জন্য কিছু জমি কেনার প্রক্রিয়াও চলছে। গত ২ জুলাই প্রথম আলোর শেষের পাতায় ‘রিকশা চালিয়ে হাসপাতাল’ শিরোনামে শনিবারের বিশেষ প্রতিবেদন ছাপা হয়। একজন রিকশাচালকের নিষ্ঠা ও একাগ্রতা এবং মানুষের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার গল্প পড়ে অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। জয়নালের মহৎ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশে-বিদেশে প্রথম আলোর পাঠকেরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। পাঠকদের অনুরোধ ও পরামর্শে এবং জয়নাল আবেদিনের আগ্রহে প্রথম আলো ট্রাস্ট মমতাজ হাসপাতালের জন্য একটি ব্যাংক হিসাব (প্রথম আলো ট্রাস্ট/মমতাজ হাসপাতাল, হিসাব নম্বর: ২০৭১০০৭৯৫৯, ঢাকা ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা) খুলে দিয়েছে।আমাদের ময়মনসিংহ অফিস জানায়, কয়েকজন ব্যক্তি মমতাজ হাসপাতালের জন্য সরাসরি সহযোগিতা করেছেন। ঢাকার এমনই এক ব্যক্তির আর্থিক সহায়তায় গত রোববার মমতাজ হাসপাতালে বৈদ্যুতিক বাতি জ্বলেছে। এই বাবদ ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ অফিসে তিন লাখ ৭০ হাজার টাকা জমা দিতে হয়েছে। গ্রামবাসী জানান, কয়েক সপ্তাহ আগে বিদ্যুতের খুঁটি পোঁতার কাজ শুরু হলে এলাকাবাসীর মধ্যে ঔৎসুক্য তৈরি হয়। গত রোববার হাসপাতালে বিদ্যুৎসংযোগ দেওয়া হলে গ্রামের মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। কেবল হাসপাতালেই নয়, একই সঙ্গে গ্রামের ১০টি বাড়িতেও বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে।জয়নাল আবেদিনের ছেলে জাহিদ হাসান জানান, গত জুলাই মাসে ঢাকার একজন ব্যবসায়ীর দেওয়া টাকায় হাসপাতালসংলগ্ন কৃষক ফজলুল হকের ২০ শতক জমি কেনার জন্য বায়না করা হয়েছিল। ১৪ আগস্ট আরেকজনের দেওয়া টাকায় আরও ৪৫ শতক জমি ক্রয় করতে মালিক হযরত আলীর সঙ্গে দুই লাখ টাকা দিয়ে বায়না চুক্তি করা হয়েছে। গত মঙ্গলবার সকালে পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন ও পার্শ্ববর্তী সিরতা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুদ্দিন আহাম্মদ বকুল জমির মালিক হযরত আলীর উপস্থিতিতে ওই জমিতে কয়েকটি গাছের চারা রোপণ করেন।টানহাসাদিয়া গ্রামের সেকান্দর আলী ও শাহজাহান বলেন, ‘গ্রামে হাসপাতাল হচ্ছে। এই হাসপাতালের জন্য আমরা বিনা খরচে বিদ্যুৎ পেয়েছি। হাসপাতালটি হলে আমরা চরের মানুষ আরও বেশি উপকৃত হব। জয়নাল ভাইয়ের কারণে এখন দেশের বিভিন্ন জায়গার মানুষ আমাদের গ্রাম দেখতে আসে।’ জয়নাল আবেদিন প্রথম আলোকে জানান, গত রোববার ঢাকায় এক যাত্রী তাঁর রিকশা থেকে নেমে ভাড়া দেওয়ার সময় তাঁকে দেখে চিনতে পারেন এবং জোর করে একটি ক্লিনিকে নিয়ে যান। তিনি হাসপাতালের জন্য এক হাজার ১০০ টাকার ওষুধ কিনে দিয়েছেন। জয়নাল বলেন, ‘আমাকে দেখে তাঁর মুখের যে পরিবর্তন দেখছি, এটাই আমার অনেক বড় পাওয়া।’চট্টগ্রাম থেকে রনজয় বিশ্বাস মমতাজ হাসপাতালের জন্য কিছু ওষুধ পাঠিয়েছেন প্রথম আলোর কার্যালয়ে। গত বুধবার তা জয়নাল আবেদিনের কাছে হস্তান্তর করা হয়েছে।হাসপাতালের অবস্থা জানতে চাইলে জয়নাল আবেদিন বলেন, ‘প্রথম আলোয় খবর প্রকাশের সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে। ফলে ওষুধের চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে। তিনি বলেন, দেড় কিলোমিটার কাঁচা রাস্তার কারণে এই বর্ষায় গ্রামের মানুষের হাসপাতালে আসা-যাওয়ায় বেশ কষ্ট হচ্ছে।