মমতাজ হাসপাতালের তহবিলে তিন লাখ ১৭ হাজার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের রিকশা-চালক মো. জয়নাল আবেদিনের মমতাজ হাসপাতাল ও বিদ্যালয়ের জন্য গঠিত তহবিলে গত মঙ্গলবার পর্যন্ত তিন লাখ ১৭ হাজার টাকা জমা পড়েছে।গত শনিবার প্রথম আলোর শেষের পাতায় ‘রিকশা চালিয়ে হাসপাতাল’ শিরোনামে বিশেষ প্রতিবেদন ছাপা হয়। ক্ষয়িষ্ণু এই সমাজে একজন রিকশাচালকের নিষ্ঠা ও একাগ্রতা এবং মানুষের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার এই গল্প পড়ে প্রথম আলোর পাঠকেরা অভিভূত, আবেগাপ্লুত হয়েছেন। এই আবেগ আস্তে আস্তে ছুঁয়ে যাচ্ছে দরিদ্র এই রিকশাচালকের প্রতিবেশীদেরও। চিরচেনা জয়নালকে তাঁরা নতুনভাবে যেন আবিষ্কার করছেন।গতকাল বুধবার এলাকায় গেলে প্রতিবেশী কৃষক ফজলুল হক গতকাল এই প্রতিবেদককে বলেন, ‘হাসপাতালের পাশেই আমার ২০ শতক জমি আছে। আমি গরিব কৃষক। কিন্তু এলাকায় বড় একটি হাসপাতাল করতে আমার এই জমি যদি মাগনাও দিতে হয়, আমি দিতে রাজি আছি।’নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী ছোট্ট এই হাসপাতালের পরিসর ভবিষ্যতে বাড়ানোর প্রয়োজনে পাশে থাকলে কিছু জমি কিনে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে জয়নাল আবেদিন সিদ্ধান্ত দেন, প্রতিবেশী ফজলুল হকের জমিটি বিনা পয়সায় না নিয়ে কিনে নেওয়াই ভালো। কারণ ফজলুল হকও একজন সাধারণ কৃষক। পরে গতকালই বাজারদরে জমিটির মূল্য দুই লাখ টাকা নির্ধারণ করে বায়না করা হয়।জয়নালের প্রতিবেশী সেকান্দর আলী বলেন, ‘আমাদের বেশ গর্ব লাগছে জয়নালকে নিয়ে। আমরা আগেও তাঁকে সহযোগিতা করেছি, সামনেও করব।’প্রথম আলো ট্রাস্ট/মমতাজ হাসপাতালের তহবিলে জমা হওয়া অর্থের মধ্যে তিন লাখ টাকা দিয়েছেন চট্টগ্রামের চান্দগাঁওয়ের মৃত নজিবুর রহমান চৌধুরী ও মৃত বেগম উম্মে হাবিবার বড় ছেলে।অনেকেই কয়েক দিন ধরে জয়নাল আবেদিন ও তাঁর হাসপাতাল দেখতে ময়মনসিংহ শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম টানহাসাদিয়ায় যাচ্ছেন। গতকাল সকালে জয়নাল আবেদিনের বাড়িতে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সকালের পাঠদান পর্ব শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যাচ্ছে। আর পল্লি চিকিৎসক অসুস্থদের চিকিৎসাসেবা দিচ্ছেন। বাড়ির উঠানে জয়নাল আবেদিন পরিবারের সদস্যদের নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা বলছেন। পরানগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল আলম বলেন, ‘আমি সাদা মনের এই মানুষটির কথা আগে জানলেও কখনো দেখা পাইনি। এর আগে হাসপাতাল ও বিদ্যালয়ের কথা শুনলেও আজই প্রথম এসেছি। আমি বিদ্যালয়ের কাজে কোনোভাবে যুক্ত হতে চাই।’জয়নাল আবেদিনের ছেলে জাহিদ হাসান বলেন, ‘আমার পড়াশুনার খুব আগ্রহ ছিল। কিন্তু বাবা আমার প্রতি খেয়াল না করায় ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়তে পেরেছি। এ নিয়ে বাবার প্রতি আমার খুব রাগ ছিল। পরে সব জেনে ধীরে ধীরে বাবার কাজের প্রতি শ্রদ্ধা বেড়েছে।’ একপর্যায়ে কেঁদে ফেলেন জাহিদ। বলেন, ‘আজ বুঝতে পেরেছি, বাবা আমার চেয়ে এলাকার মানুষের কথা বেশি ভেবেছেন। আমার বাবার স্বপ্ন বাস্তবায়নে আমিও চেষ্টা করব।’মেয়ে মমতাজ বেগম বলেন, ‘বাবা হাসপাতাল করতে যখন ২৪ শতক জমি কিনেছেন, তখন আমার নামে কিনেছিলেন। বড় হাসপাতাল করতে প্রয়োজনে সেই জমি আমি হাসপাতালের নামে লিখে দিব। আমাদের পরিবারের থাকার নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হবে।’কথা বলার এক ফাঁকে জয়নালের স্ত্রী লাল বানু এই প্রতিনিধিকে আড়ালে ডেকে নিয়ে বলেন, ‘এই মানুষটারে (জয়নাল) সারা জীবন কেবল ভুল বুঝছি।’ কান্না সামলে তিনি বলেন, ‘আমি তাঁর কাছে ক্ষমা চাইব।’ হাসপাতালের চিকিৎসক আলী হোসেন, বিদ্যালয়ের শিক্ষক আইয়ুব খান ও মক্তবের মৌলভি মো. খলিলুর রহমান বললেন, ‘এত বছর একসঙ্গে কাজ করার পর আজ মনে হচ্ছে, সত্যিই একজন ভালো মানুষের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে।’পরানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন বলেন, ‘সাদা মনের মানুষ হিসেবে পুরস্কার পাওয়ার পর জয়নাল আবেদিনকে ঘিরে কিছু সুবিধাভোগী মানুষ জড় হয়েছিল। সে সময় থেকে একটি মহল তাঁর বিরোধিতা করছিল। টান হাসাদিয়া গ্রামে বড় কিছু হোক, এটা আমিও চাই। আমি সব ধরনের সহযোগিতা করব তাঁকে।’গত শনিবার প্রকাশিত প্রতিবেদনটি পড়ে অনেকে জয়নালের হাসপাতালের জন্য আর্থিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে এবং জয়নাল আবেদিনের আগ্রহে প্রথম আলো ট্রাস্ট মমতাজ হাসপাতালের জন্য একটি ব্যাংক হিসাব খুলেছে। প্রথম আলো ট্রাস্ট/মমতাজ হাসপাতাল, হিসাব নম্বর: ২০৭১০০৭৯৫৯, ঢাকা ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা।এই ব্যাংক হিসাবে জমা হওয়া অর্থ দিয়ে সহায়তাকারীদের ইচ্ছা অনুযায়ী মমতাজ হাসপাতাল ও বিদ্যালয়ের প্রয়োজনীয় এবং পরিকল্পিত উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। পত্রিকার মাধ্যমে এই ব্যাংক হিসাবে জমা হওয়া অর্থের পরিমাণ পাঠকদের জানানো হবে। তহবিলের অর্থ ব্যয়ের হিসাবও পত্রিকার মাধ্যমে জানানো হবে।