ময়মনসিংহের রিকশা-চালক মো. জয়নাল আবেদিনের মমতাজ হাসপাতাল ও বিদ্যালয়ের জন্য গঠিত প্রথম আলো ট্রাস্টের তহবিলে গত বৃহস্পতিবার পর্যন্ত ১০ লাখ ২২ হাজার টাকা জমা পড়েছে।২ জুলাই প্রথম আলোর শেষের পাতায় ‘রিকশা চালিয়ে হাসপাতাল’ শিরোনামে শনিবারের বিশেষ প্রতিবেদন ছাপা হয়। একজন রিকশাচালকের নিষ্ঠা ও একাগ্রতা এবং মানুষের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার এই গল্প পড়ে অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। জয়নালের মহৎ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ৩০ হাজার টাকা দিয়েছেন নারায়ণগঞ্জের আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। বিদ্যালয়টির শিক্ষার্থীরা তাদের টিফিনের খরচ বাঁচিয়ে জমানো টাকা, শিক্ষকেরা তাঁদের এক দিনের বেতন ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা মিলে এই সহায়তা দেন।গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রথম আলোর নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা রফিউর রাব্বির হাতে ৩০ হাজার টাকার চেকটি তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাশেম জামাল, সহসভাপতি মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক হালিমা খাতুন, নারীনেত্রী লক্ষ্মী চক্রবর্তী, প্রমুখ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় অবস্থিত এই আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের সাফল্য প্রথম আলোয় শনিবারের বিশেষ প্রতিবেদন আকারে ছাপা হয়েছিল।জয়নাল আবেদিনের জন্য গঠিত তহবিলে বৃহস্পতিবার পর্যন্ত একজন তিন লাখ এবং অপর একজন দিয়েছেন দুই লাখ টাকা। চারজন দিয়েছেন ৫০ হাজার টাকা করে। একজন দিয়েছেন ৩২ হাজার ৩০০ টাকা। এ ছাড়া ২৫ হাজার করে দুজন, ২০ হাজার করে দুজন, ১০ হাজার করে সাতজন, পাঁচ হাজার করে নয়জন, চারজন তিন হাজার করে, দুজন দিয়েছেন আড়াই হাজার করে, চারজন দুই হাজার করে এবং ১৮ জন এক হাজার টাকা করে অনুদান দিয়েছেন। ছয় হাজার ও চার হাজার টাকা দিয়েছেন ভিন্ন দুই ব্যক্তি। আরও কয়েকজন সুহূদ দেড় হাজার ও ৫০০ টাকা করে জয়নালের তহবিলে দিয়েছেন।এ ছাড়া ঢাকার একজন তরুণ চিকিৎসকসহ দুই ব্যক্তি মমতাজ হাসপাতালের জন্য কিছু ওষুধ পাঠিয়েছেন প্রথম আলোর কার্যালয়ে। সম্প্রতি তা জয়নাল আবেদিনের কাছে হস্তান্তর করা হয়েছে।দেশ-বিদেশের অসংখ্য পাঠকের অনুরোধ ও পরামর্শে এবং জয়নাল আবেদিনের আগ্রহে প্রথম আলো ট্রাস্ট মমতাজ হাসপাতালের জন্য একটি ব্যাংক হিসাব (প্রথম আলো ট্রাস্ট/মমতাজ হাসপাতাল, হিসাব নম্বর: ২০৭১০০৭৯৫৯, ঢাকা ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা) খুলে দিয়েছে।এই ব্যাংক হিসাবে জমা হওয়া অর্থ দিয়ে সহায়তাকারীদের ইচ্ছা অনুযায়ী মমতাজ হাসপাতাল ও বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় এবং পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। পত্রিকার মাধ্যমে এই ব্যাংক হিসাবে জমা হওয়া অর্থের পরিমাণ পাঠকদের জানানো হবে। তহবিলের অর্থ ব্যয়ের হিসাবও পত্রিকার মাধ্যমে জানানো হবে।আমাদের ময়মনসিংহ অফিস জানায়, কয়েকজন ব্যক্তি মমতাজ হাসপাতালের জন্য সরাসরি সহযোগিতা করেছেন। হাসপাতালে বৈদ্যুতিক সংযোগ নিতে ঢাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন। এই বাবদ ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ অফিসে তিন লাখ ৭০ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার থেকে বিদ্যুতের খুঁটি পোঁতার কাজ শুরু হয়েছে এবং গত বৃহস্পতিবার হাসপাতাল পর্যন্ত তার টানা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে হাসপাতালে বৈদ্যুতিক বাতি জ্বলবে বলে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার মাসরুল হক প্রথম আলোকে জানিয়েছেন। জয়নাল আবেদিন জানান, মমতাজ হাসপাতাল নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ঢাকার খিলগাঁওয়ের একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা শিপু হাসান ও গুলশানের সেলিনা বাশার টানহাসাদিয়া গ্রামে গিয়ে পাঁচ হাজার টাকা করে সহায়তা দেন। ময়মনসিংহের কাচিঝুলি এলাকার গ্রামীণফোনের কর্মী খন্দকার ইমরুল হাসান ৫০০ টাকা দিয়েছেন। ময়মনসিংহের চিকিৎসক হিফজুল বারী হাসপাতালের জন্য কিছু আসবাবপত্র দিয়েছেন। ১১ জুলাই ময়মনসিংহের সিভিল সার্জন এ বি এম মোজাহারুল ইসলাম হাসপাতাল পরিদর্শনে আসেন। এ সময় সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাও তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা সেখানে বেশ কিছু রোগীকে চিকিৎসাসেবা দেন।২৩ জুলাই বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহের সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়ার নেতৃত্বে একটি চিকিৎসক দল মমতাজ হাসপাতালে গিয়ে রোগীদের চিকিৎসাসেবা দেয়।