মমতামাখা পেশা
সম্প্রতি একটি পত্রিকার ছবিতে চোখ পড়তেই আঁতকে উঠলাম। দেখলাম, একটি বনবিড়াল ও তার বাচ্চাগুলোকে কী নির্দয়ভাবে মেরে ফেলা হয়েছে। কোনো মানুষের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে সবাই ওই সব নিষ্ঠুর-নির্মম হত্যাকারীকে ঠিকই ঘৃণা করত। কিন্তু এই বনবিড়াল ও বাচ্চাদের প্রতি তেমন উপলব্ধি বোধকরি অধিকাংশ মানুষেরই মনে দাগ কাটেনি। এর কারণ কী? মোদ্দা কথা হলো, বন্য প্রাণীর প্রতি আমাদের আগ্রহ, অনুভূতি ও উপলব্ধিটা ঠিক প্রমাণমাত্রায় নেই। আর আমাদের এই নিষ্ঠুর আচরণের খেসারত দিতে হচ্ছে বন্য প্রাণীদের। এদের হারিয়ে যাওয়া বা ক্ষয়ে যাওয়া মানবতারই স্বরূপ বললে খুব ভুল কিছু কি বলা হবে?এত ভূমিকা কেন দিলাম, সে কথাই বলছি। গত বছর আমার এক বন্ধু ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশে (ডব্লিউটিবি) যোগদান করে, যাদের কাজ প্রাণী সংরক্ষণ করা। বাংলাদেশের মতো এমন একটি দেশে যেখানে কথায় কথায় বন্য প্রাণীদের নির্বিচারে মেরে ফেলা হয়, সেখানে বন্য প্রাণী সংরক্ষণ কতটুকু ফলপ্রসূ, সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল। তাই এ বিষয় নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের প্রতি একধরনের আগ্রহবোধ অনুভব করি। আর যখন শুনলাম, এ রকম বিষয় নিয়ে নারীরা কাজ করছেন, তখন আমার আগ্রহের পাল্লাটা আরও ভারী হলো। কারণ, প্রাণী সংরক্ষণের মতো চ্যালেঞ্জিং পেশাকে বেছে নেওয়া আমাদের দেশের প্রেক্ষাপটে নারীদের জন্য খুব সহজ নয়।সে যা-ই হোক, আমার বন্ধুটির দ্বারা তার অফিসের সিনিয়র এক সহকর্মী রেজভিন আক্তারের কথা জানতে পারি, বন্য প্রাণী সংরক্ষণের সঙ্গে যাঁর সম্পৃক্ততা অনেক বছরের। তাঁর এই অবস্থান আমাকে আগ্রহী করে তোলে তাঁর কাজ, কাজের চড়াই-উতরাই এবং নানা প্রতিবন্ধকতা সম্পর্কে জানতে।রেজভিন আক্তার পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে। এমন না যে শুরু থেকেই তাঁর প্রাণী সংরক্ষণবিষয়ক ধারণা বা আগ্রহ ছিল, বরং তৃতীয় বর্ষে পড়ার সময়ই প্রথম তাঁর এ বিষয়ে আগ্রহ জন্মায়। শেষ বর্ষে এসে প্রত্যেক শিক্ষার্থীকে প্রাণিবিদ্যা বিভাগের বিভিন্ন বিষয় থেকে একটি বিষয়কে বেছে নিতে হয়। এর মধ্যে বন্য প্রাণী বিষয়টিও ছিল। কিন্তু বিষয়টি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে প্রায়ই থাকত না। কারণ, শিক্ষকস্বল্পতা ও নম্বর কম পাওয়া। এর পরও রেজভিন এ বিষয়টি বেছে নিলেন এবং বোধ করি, তিনি ভুল করেননি।এ বিষয় নিয়ে পড়াশোনার জন্য তাঁকে প্রায়ই মাঠপর্যায়ে কাজ করতে যেতে হতো। মাঠপর্যায়ের প্রথম কাজটি করেন এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের (ইআইএ) ওপর। যার বিষয় ছিল, পদ্মা সেতু নির্মাণের ফলে প্রাকৃতিক পরিবেশের ওপর কী প্রভাব পড়তে পারে, তারই একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা। এরপর কাজের সংখ্যা বাড়তেই থাকল। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান, চট্টগ্রামের চুনাতি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ও ডুলাহাজারা সাফারি পার্কে চলতে থাকে তাঁর কাজ। ২০০৯ সালে রেজভিন ইউএনডিপির কোস্ট ল্যান্ড অ্যান্ড ওয়েটল্যান্ড বায়োডাইভারসিটি ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় পাখিশুমারির জন্য গিয়েছিলেন হাকালুকি হাওরে। এর মধ্যেই ডিপার্টমেন্টের বাইনোকুলারের মাধ্যমে পাখি দেখার শখ পেয়ে বসল। বাইনোকুলারের ফোকাল লেন্সে আটকে থাকা অনেক পাখির রং আর বৈচিত্র্য তাঁকে পরবর্তী সময়ে বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য হতেও সাহায্য করেছে।রেজভিন মাস্টার্স শেষ করার পরপরই ডব্লিউটিবিতে একজন স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করেন। এরপর আর থেমে থাকেনি তাঁর কাজের অদম্য স্পৃহা। ডব্লিউটিবির সুন্দরবন টাইগার প্রজেক্টের আওতায় সুন্দরবনের বাঘশুমারি থেকে শুরু করে সেখানকার জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিনিয়ত ভ্রমণ করতে হয়েছে দুর্গম কিছু এলাকায়। রেজভিনকে জিজ্ঞেস করেছিলাম, এ ধরনের কাজের ক্ষেত্রে লিঙ্গবৈষম্যের শিকার হয়েছিলেন কি না। এমন প্রশ্নের উত্তরে তিনি তাঁর বিশ্ববিদ্যালয়ের একটি অভিজ্ঞতার কথা জানান। পিএইচডি করবেন বলে তিনি মনস্থির করেছিলেন। আর এটি করতে হলে তাঁকে চট্টগ্রামে পাহাড়ি এলাকায় অনেকবার ‘ফিল্ড ট্রিপে’ যেতে হতো। এ জন্যই তাঁর শিক্ষকেরা তাঁকে নির্বাচিত করেননি। রেজভিন বলেন, ‘সেটি ছিল সবচেয়ে খারাপ বৈষম্য। আমাকে দেখেই শিক্ষকেরা বললেন, তুমি একটি মেয়ে হয়ে কীভাবে পারবে! তুমি কোনোভাবেই এটি ম্যানেজ করতে পারবে না।’এ ঘটনাই রেজভিনকে তাঁর লক্ষ্য পূরণ করতে এবং নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য রসদ জোগাল। এই বৈষম্যের বিরুদ্ধে উপযুক্তভাবে নিজেকে প্রকাশ করার প্রত্যয় নিয়ে তিনি এগিয়ে চললেন। যদিও তিনি বলছিলেন, ‘এত পড়াশোনা করার পরও যদি বাস্তব জীবনে আমি সংরক্ষণবিষয়ক কাজের সঙ্গে যুক্ত না হতে পারতাম, তাহলে পুরো শিক্ষাজীবনটাই আমার অপচয় হতো।