মমতার অন্যায্য আবদার টিকবে না: দীপু মনি
বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে ভারত এককভাবে সব সুবিধা নিয়ে যাচ্ছে—প্রচলিত এই ধারণাকে প্রত্যাখ্যান করলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘এটা ঠিক নয় যে আমরা ভারতকে সবকিছু দিয়ে দিচ্ছি আর বিনিময়ে আমরা কিছুই পাচ্ছি না।’গতকাল সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ কথা বলেন।তিস্তার পানি বণ্টন চুক্তি বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিস্তার পানির ন্যায্য হিস্যা পাওয়া আমাদের আইনি অধিকার। আমরা আমাদের প্রাপ্য ভাগ চাই। বাংলাদেশ করুণা চায় না।’ পানির প্রবাহ কম হলেও তার সমান ভাগ হতে হবে বলে তিনি মন্তব্য করেন।তিস্তার পানি বণ্টন চুক্তির ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁর অন্যায্য আবদার টিকবে না। আমাদেরকে ন্যায়সংগত জায়গায় পৌঁছাতে হবে। ভাটির দেশ হিসেবে বাংলাদেশের দাবিকে উপেক্ষা করার কোনো উপায় নেই। পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশের যেমন ভারতের সহযোগিতা প্রয়োজন, তেমনি ভারতেরও বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।’ গঙ্গার পানি বণ্টন চুক্তির মতো তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়েও তিনি আশাবাদী।ট্রানজিটের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোর কমিটি তাদের প্রতিবেদন দাখিল করেছে। এটি এখন সরকারের বিবেচনায় আছে।ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশের আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যা-ই করি না কেন, আমাদের জাতীয় স্বার্থ রক্ষার্থে তা করব।’টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘বাঁধের ব্যাপারে বাংলাদেশের যৌথ সমীক্ষার প্রস্তাব গ্রহণ করেছে ভারত। বাংলাদেশ শিগগিরই বিশেষজ্ঞ দলের সদস্যদের নাম পাঠাবে। আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সুসম্পর্ক চাই। তবে সেটা আমাদের স্বার্থকে জলাঞ্জলি নিয়ে নয়।’প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়ে নানা সমালোচনার জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে উপদেশ দেওয়ার জন্য একদল উপদেষ্টা থাকেন—এটাই বিশ্বব্যাপী প্রচলিত চর্চা। তিনি বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের শতাধিক উপদেষ্টা আছেন। নির্দিষ্ট কিছু কাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনারও কয়েকজন উপদেষ্টা আছেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একসময় প্রশ্ন উঠেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় কে চালান। আমি বলতে চাই, আমিই পররাষ্ট্র মন্ত্রণালয় চালাই। সীমান্তে হত্যা ও নির্যাতনের ঘটনা পত্রপত্রিকায় প্রকাশের পর দেরিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানায়, এমন অভিযোগ নাকচ করে দেন তিনি। ইউএনবি।