মমতার অসম্মতিতে তিস্তা চুক্তি হলে দুই দেশ বিব্রত হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মতিতে তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের পর তা বাস্তবায়িত না হলে দুই প্রতিবেশী দেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ত।গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। ‘বিশ্বায়নের যুগে বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর-পরবর্তী অবস্থা ও করণীয় বিষয়ে সেন্টার ফর অলটারনেটিভস, ঢাকা এবং জামিয়া মিল্লিয়া ইসলামিয়া, নয়াদিল্লি যৌথভাবে দুই দিনের এ সম্মেলনের আয়োজন করে।তিস্তা চুক্তি সই না হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে বীণা সিক্রি বলেন, ‘ভারতের কেন্দ্রীয় সরকারের কর্মপদ্ধতি অনুযায়ী কেন্দ্রীয় সরকারের চুক্তি বাস্তবায়ন করা না-করার ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যাপক ভূমিকা আছে। মমতা যদি মনে করতেন, এই চুক্তি তাঁর রাজ্যের নাগরিকদের অধিকার সংরক্ষণ করতে পারছে না, তাহলে তিনি তা বাস্তবায়ন না-ও করতে পারতেন। তা দুই দেশের সম্পর্কের জন্য ভালো হতো না। এতে দুই দেশকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো।সাবেক এ কূটনীতিক মনে করেন, তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের আগে যৌথভাবে নদীর পানিপ্রবাহ পরিমাপ করা উচিত।মনমোহনের সফরকে কীভাবে মূল্যায়ন করেন, জানতে চাইলে বীণা সিক্রি বলেন, ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে ব্যর্থ বলার কারণ নেই। এই সফর সফল হয়েছে। কেননা, এর মাধ্যমে পানির সমস্যাসহ দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের পথে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।সংবাদ সম্মেলনে গরু চোরাচালানকে সীমান্তে হত্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ ও ভারতের বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, চোরাচালান বন্ধ না হলে এই হত্যাকাণ্ড একেবারে নির্মূল করা সম্ভব নয়।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাবেক মহাপরিচালক ই এন রামমোহন বলেন, সীমান্তে চোরাচালানের কারণে হত্যার ঘটনা ঘটছে। এর মধ্যে গবাদিপশু চোরাচালান অন্যতম কারণ। কেননা, ভারত গবাদিপশু রপ্তানি বাতিল করেছে। বিনা বিচারে কেন এই হত্যাকাণ্ড, এমন এক প্রশ্নের জবাবে রামমোহন বলেন, বিএসএফকে তৈরি করা হয়েছে যুদ্ধের জন্য। চোরাকারবারির গরুর পেছনে ছোটা তো তাদের কাজ নয়।রামমোহনের বক্তব্য সমর্থন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, ধর্মীয় কারণে ভারত গরু রপ্তানি করে না। সীমান্তে চোরাকারবারের কারণে হত্যার ঘটনা ঘটছে। এ কথা আগেই বলা হয়েছে। এটা বন্ধে উদ্যোগ নিতে হবে।ইমতিয়াজ আহমেদ বলেন, সীমান্তে দায়িত্বপ্রাপ্ত দুই পক্ষের সীমান্তরক্ষী বাহিনী হত্যা করে। ভারত বাংলাদেশের এই অনুপাত কোনো কোনো বছরে ৬০-৪০ হয়েছে।চোরাচালানি বন্ধে সীমান্তে বাণিজ্যকেন্দ্র গঠন করার ব্যাপারে একমত হন বিশেষজ্ঞরা। ইমতিয়াজ আহমেদ গবাদিপশু বাংলাদেশে রপ্তানি করাকে বৈধ করার ব্যাপারে মত দেন।এর আগে তিনটি অধিবেশনে গণমাধ্যম, ট্রানজিট ও নিরাপত্তা এবং পানি ও পরিবেশ প্রেক্ষাপট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।গণমাধ্যম: সম্মেলনের দ্বিতীয় পর্বে গণমাধ্যমবিষয়ক আলোচনায় সভাপতিত্ব করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যম দুই দেশের সম্পর্ক জোরদারের জন্য কাজ করে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীর সফর নিয়ে এখানকার গণমাধ্যম ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। সফরের আগে ও পরে তা গণমাধ্যমে যথেষ্ট গুরুত্ব পেয়েছে। সফর শেষে এ বিষয়ে গঠনমূলক সমালোচনাও হয়েছে। সামগ্রিকভাবে ভারতের গণমাধ্যমের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম অনেক বেশি আগ্রহ দেখিয়েছে।মতিউর রহমান বলেন, বাংলাদেশকে ঘিরে রয়েছে ভারত। তাই ভারতের উন্নয়নের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন অঙ্গাঙ্গিভাবে জড়িত। সে জন্য সম্পর্ক শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিতে দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদারের ওপর বাংলাদেশের গণমাধ্যম কাজ করছে।ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের প্রধান সম্পাদক ও পরিচালক তরুণ বসু বলেন, মনমোহনের সফরের সময় বাংলাদেশের গণমাধ্যমগুলোতে তথ্যের ঘাটতি ছিল। গণমাধ্যমগুলো এখানে সফরের বিভিন্ন দিক যথার্থভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। তাঁর মতে, দুই দেশের সাংবাদিক ও গণমাধ্যমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকায় এমনটি হয়েছে।তরুণ বসু বলেন, ‘সহযোগিতার বিভিন্ন বিষয়ে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আর এ জন্য পারস্পরিক যোগাযোগও বাড়াতে হবে।’আনন্দবাজার পত্রিকার দিল্লি ব্যুরো-প্রধান জয়ন্ত ঘোষাল বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে গণমাধ্যম আগের চেয়ে এখন বেশি কাজ করছে। ভবিষ্যতে এটি আরও সুদৃঢ় হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মুনির খসরু দুই দেশের ইংরেজি দৈনিকের মধ্যকার একটি তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে ভারতের ইংরেজি দৈনিকগুলোর চেয়ে বাংলাদেশের ইংরেজি দৈনিকগুলো বেশি সংবাদ উপস্থাপন করেছে।নিরাপত্তা ও যোগাযোগ: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতি এ কে আজাদ চৌধুরী এ পর্বে সভাপতিত্ব করেন।সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গবেষণা ও সমন্বয়কারী পরিচালক সাবেক সেনা কর্মকর্তা হেলাল আহমেদ বলেন, নিরাপত্তার শঙ্কায় জনগণের সম্পর্কোন্নয়নের স্বপ্ন ভেস্তে যাচ্ছে। নিরাপত্তার দোহাই দিয়ে সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার ভিসা জটিলতা এই অঞ্চলের মধ্যকার সংযোগ সৃষ্টির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। হেলাল আহমেদ বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যকার ট্রানজিট ইস্যুটি এই অঞ্চলের মধ্যকার সংযোগ সৃষ্টির একটি অংশ মাত্র। বিষয়টিকে দ্বিপক্ষীয় পর্যায়ে না ভেবে আঞ্চলিক পর্যায়ে ভাবতে হবে।বিএসএফের সাবেক পরিচালক ই এন রামমোহন সীমান্তে উত্তেজনার জন্য মূলত চোরাচালানকে দায়ী করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত অতি নিকটবর্তী দুটি রাষ্ট্র হওয়ায় দুই দেশের মধ্যে প্রয়োজনীয় পণ্যগুলোর দামের তারতম্য হলে চোরাচালান বৃদ্ধি পায়। আর তখনই সীমান্তে উত্তেজনা দেখা দেয়।পরিবেশ, শক্তি ও পানি: এ পর্বে সভাপতিত্ব করেন পরিবেশবিদ আতিক রাহমান। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, তিস্তা অববাহিকায় দুই দেশেরই একই সময়ে পানির সঠিক প্রবাহের প্রয়োজন হয় না। পানির ওপর যেহেতু শস্যের উৎ পাদন নির্ভরশীল, তাই কোন সময়ে কোন অঞ্চলে শস্য উৎ পাদিত হবে, তার ওপর ভিত্তি করে পানি বণ্টন করার দিকে নজর দিতে হবে।