মমতার আপত্তিতে এবার পেছাচ্ছে বিদ্যুৎ কেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তিতে ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি বাস্তবায়নও নির্ধারিত সময়ের মধ্যে হচ্ছে না। এর আগে মমতার আপত্তির কারণে স্থগিত হয়ে গিয়েছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি।প্রসঙ্গত, দিল্লির একতরফা শর্তের কারণে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় বিদ্যুৎ কেনার চুক্তিটি সই করতে রাজি হয়নি বাংলাদেশ। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগের সূত্র জানায়, বিদ্যুৎ সরবরাহের সঞ্চালন লাইনের জন্য খুঁটি স্থাপন করতে যে জমি লাগবে, তা দিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজি নয়। তাই এ কাজের জন্য ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড করপোরেশন এক বছর আগে ঠিকাদার নির্বাচন করেও কাজ শুরু করতে পারেনি। পরিকল্পনা অনুযায়ী, এই লাইন দিয়ে ২০১৩ সালের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কথা।জানতে চাইলে ঢাকা সফররত ভারতের বিদ্যুৎমন্ত্রী সুশীল কুমার সিন্ধে গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সঙ্গে কথা বলব। এরপর আলোচনার ফলাফল বাংলাদেশকে জানাব। তবে এ প্রকল্প নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। খুব শিগগির কাজ শুরু হবে বলে আমি আশাবাদী।’প্রসঙ্গত, আজ ঢাকায় অনুষ্ঠেয় সার্ক জ্বালানিমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গতকাল বিকেলে এসেছেন সুশীল সিন্ধে। তিনি গতকাল সন্ধ্যায় রূপসী বাংলা হোটেলে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তির পাশাপাশি বাগেরহাটে প্রস্তাবিত এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়েছে।ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো গত রাতে প্রথম আলোকে বলেছে, পশ্চিমবঙ্গের বহরমপুরে প্রস্তাবিত বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটির জমি নিয়ে রাজ্য সরকারের আপত্তি রয়েছে। তবে এই আপত্তির বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানানো হয়নি। ঠিক কেন সদ্য ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেস সরকারের এই আপত্তি, তা খুব স্পষ্ট করে বলা হয়নি। তবে কংগ্রেস ও তৃণমূলের রাজনৈতিক মতভেদের কারণে মমতার সরকার এই অবস্থান নিয়েছে বলে তাদের অভিমত।মনমোহন সিংয়ের সফরের সময় বিদ্যুৎ কেনার চুক্তিটি সই হয়নি। কারণ, ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে হলে দাম নির্ধারণসহ সবকিছুই ঠিক করে দেবে ভারত। দর-কষাকষির কোনো সুযোগ না থাকায় বাংলাদেশ শেষ মুহূর্তে চুক্তি সই না করার সিদ্ধান্ত নেয়।পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ২৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে আলোচনার জন্য মনমোহনের সফরের অব্যবহিত আগে ভারতের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে। ওই সময় ভারতের পক্ষ থেকে জানানো হয়, বহরমপুরে জমি কেনার প্রক্রিয়া শেষ না হওয়ায় বিদ্যুতের খুঁটি তৈরির কাজ শুরু হয়নি। অথচ ভারতের পাওয়ার গ্রিড কোম্পানি গত বছরের জুনে দরপত্র-প্রক্রিয়া শেষ করে ঠিকাদার নির্বাচন করে। তাদের পক্ষ থেকে জানানো হয়, ভারতের আইন অনুযায়ী বিদ্যুৎ সঞ্চালনের খুঁটি স্থাপনের জন্য জমি কেনাটা বাধ্যতামূলক।ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের বহরমপুর ও বাংলাদেশের ভেড়ামারায় দুটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের কথা রয়েছে। এর মধ্যে ভারতের অংশে ৮০ কিলোমিটার ও বাংলাদেশ অংশে ৪০ কিলোমিটার সঞ্চালন লাইন তৈরি হবে।বাড়তি গুরুত্ব বাগেরহাটের প্রকল্পে: ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এ মুহূর্তে বাগেরহাটে প্রস্তাবিত এক হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারত। কয়লাভিত্তিক এ প্রকল্পের বিদ্যুৎ প্রতি ঘণ্টায় প্রতি কিলোওয়াট আট টাকার বেশি হবে—প্রাথমিক এক সমীক্ষায় এই আভাস পাওয়ার পর এ ব্যাপারে বাংলাদেশ আপত্তি তোলে। এমন পরিস্থিতিতে, ভারত উৎপাদন ব্যয় কমিয়ে বিদ্যুতের দাম কমানোর কথা ভাবছে বলে আলোচনায় সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।এ বিষয়ে গতকাল সন্ধ্যায় সুশীল সিন্ধে এ প্রতিবেদককে বলেন, ‘আমরা প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রের জমির পরিমাণ কমিয়ে আনার কথা ভাবছি। দুই পক্ষের প্রতিনিধিদল ওই এলাকা (বাগেরহাট) সফর করে জমির পরিমাণ কমানোর পাশাপাশি আশপাশে কোথাও করা যায় কি না, তা খতিয়ে দেখবেন। আশা করি, জমির পরিমাণ কমে এলে খরচও কমে যাবে। ফলে স্বাভাবিকভাবে কমবে বিদ্যুতের দামও।’ আগামী চার মাসের মধ্যেই বিষয়টি সুরাহার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) যৌথ বিনিয়োগে বিদ্যুৎকেন্দ্রটি চালুর কথা রয়েছে।