মমতার ইচ্ছায় নীলে সাজবে কলকাতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় এবার এবার নীল রঙে সাজবে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। রাজ্য সরকারের নগর উন্নয়নমন্ত্রী ফারহাদ হাকিমের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ এ খবর জানিয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে মন্ত্রী ফারহাদ হাকিম বলেন, ‘এই শহরের থিম রং আকাশি নীল হবে বলে আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, নতুন সরকারের মূল সুর “সীমানা আকাশছোঁয়া”।’মন্ত্রী বলেন, এখন থেকে পুনরায় রং করা সরকারি ভবনগুলোর রং হবে আকাশি নীল। ব্যক্তি মালিকানাধীন ভবনগুলোও একই ধরনের রঙে রাঙানোর জন্য মালিকদের অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় সরকারি আদেশ শিগগিরই জারি করা হবে বলেও তিনি জানান। নতুন এ সিদ্ধান্তের আওতায় সরকারি ভবন, ফ্লাইওভার, রাস্তার ধারের রেলিং, এমনকি এই শহরের বিখ্যাত হলুদ ট্যাক্সিগুলোকেও হালকা নীল ও সাদা রঙে রাঙানো হবে। বেশ কিছু বিখ্যাত স্থাপনাকেও এই রঙে রাঙানো হবে। ব্যক্তি মালিকানাধীন ভবনের মালিকদেরকেই তাদের ভবন রাঙানোর খরচ বহন করতে হবে। এক কোটি ৪০ লাখ মানুষের এই নগরের মেয়র শোভন চট্টোপাধ্যায় শহরকে নীলে সাজানোর পক্ষে বলেন, নীল সুন্দর ও দৃষ্টিগ্রাহ্য রং।তবে সরকারের এমন ঘোষণার সমালোচনা করেছে বিরোধী দল ও গণমাধ্যম। স্থানীয় কংগ্রেসের মুখপাত্র বলেন, সরকার অপ্রয়োজনীয় বিষয়ে নিজেদের ব্যস্ত রাখছে। আর দ্য টেলিগ্রাফ পত্রিকা এ উদ্যোগকে কসমেটিক সার্জারির মাধ্যমে জোর করে পরিবর্তন আনা বলে সমালোচনা করছে।