মমতার গ্রেপ্তার দাবি করেছে বাম যুব সংগঠন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার দাবি করেছে আটটি বাম যুব সংগঠন। গত ২৩ মাসের শাসনামলে এই প্রথম মমতাকে গ্রেপ্তারের এ দাবি জানানো হলো।সারদা গোষ্ঠীর সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকাতার কেন্দ্রস্থল রানি রাসমণি অ্যাভিনিউতে বাম যুব সংগঠনের এক প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়।যুব সংগঠনগুলো হলো ডিওয়াইএফআই, এএনএফ, এআইওয়াইএল, আরওয়াইএফ, এসওয়াইএস, ওয়াইডিএসপি, আরওয়াইবি ও পিওয়াইএফআই।সারদা কেলেঙ্কারি এবং অন্যান্য ইস্যুতে বাম যুব সংগঠনগুলো গতকাল থেকে কলকাতায় ‘আইন অমান্য আন্দোলনের’ ডাক দেয়। এ লক্ষ্যে বিকেলে বাম যুব সংগঠনের কর্মীরা কলেজ স্ট্রিট থেকে এক প্রতিবাদ মিছিল নিয়ে রাজ্য সচিবালয় মহাকরণের দিকে এগোতে থাকে। এ সময় পুলিশ রানি রাসমণি অ্যাভিনিউতে মিছিলটি আটকে দিলে সেখানেই প্রতিবাদ সমাবেশে অংশ নেন যুব কর্মীরা।এ সময় বাম যুবনেতা ও বিধায়ক আলী ইমরান রামজ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চিটফান্ড কাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবেন, ততক্ষণ ঠিকমতো তদন্ত হওয়া সম্ভব নয়। তাই তাঁকে এখনই সরানো উচিত।’ তিনি দাবি করেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে দিয়ে সারদা কাণ্ডের তদন্ত করতে হবে। একই সঙ্গে তদন্তের স্বার্থে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তবে মুখ্যমন্ত্রী মমতা সারদা গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং এ কারণে তাঁকে গ্রেপ্তার করার কোনো দাবি জানায়নি বাম দল।