ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) নেত্রী সোনিয়া গান্ধীর মনোনীত প্রার্থীকে প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের সাবেক প্রেসিডেন্ট এ পি জে আবদুল কালামকে আবারও প্রেসিডেন্ট পদের জন্য তাঁর পছন্দের প্রার্থী বলে জানিয়েছেন মমতা। আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ কথা বলা হয়েছে।মমতা বলেছেন, ‘আমরা আবদুল কালামের পক্ষে নির্বাচন করব।’ তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ বলেছেন, ‘ইউপিএ যদি প্রেসিডেন্ট পদে প্রণব মুখার্জি ও ভাইস প্রেসিডেন্ট পদে হামিদ আনসারিকে মনোনয়ন দেয়, তাহলে তৃণমূল কংগ্রেস সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামকে মনোনয়ন দিয়ে জোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।’ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার প্রার্থী মনোনয়ন নিয়ে গতকাল বুধবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে সোনিয়ার প্রস্তাবিত রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জি ও হামিদ আনসারির মনোনয়নের ব্যাপারে সাড়া দেননি মমতা।পরে সমাজবাদী পার্টির (এসপি) প্রধান মুলায়ম সিং যাদবের সঙ্গে নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন করেন মমতা। তাতে রাষ্ট্রপতি পদের জন্য সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম, বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সাবেক স্পিকার বামপন্থী নেতা সোমনাথ চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। আগামী ১৯ জুলাই ভারতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।