মমতার বিরুদ্ধে শুনানি কাল
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে করা আদালত অবমাননার মামলার শুনানি কাল শুক্রবার শুরু হচ্ছে।বিচারব্যবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যসহ বেশ কয়েকজন আইনজীবীর আবেদনের পর মমতার বিরুদ্ধে এ মামলা হয়। গতকাল বুধবার মামলাটি কলকাতা হাইকোর্টে ওঠে। এ সময় জানানো হয়, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রতাপ রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে। কলকাতা হাইকোর্টের তত্কালীন বিচারপতি কল্যাণ জ্যোতি সেনগুপ্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করেন। একই সঙ্গে কলকাতার দুইটি ইংরেজি দৈনিক ও দুইটি টেলিভিশন চ্যানেলকে মমতার বক্তব্য সম্পর্কিত খবর হলফনামা আকারে পেশ করতে বলা হয়। গত ১৪ আগস্ট পশ্চিমবঙ্গ বিধানসভার ৭৫তম পূর্তি উত্সবে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বিচারব্যবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ‘কখনো কখনো টাকা দিয়ে বিচার কেনা যাচ্ছে। আমি নিজে জানি, কোনো কোনো ক্ষেত্রে টাকার বিনিময়ে বিচারের রায় হচ্ছে। এজন্য সব বিচারপতি দোষী নন। অথচ বিচার বিভাগ আমাদের সবচেয়ে বড় ও প্রধান স্তম্ভ।’