মমতার মন্ত্রিসভার থেকে বেরিয়ে গেলেন কংগ্রেসের মনোজ
সরকার গড়ার আট মাসের মধ্যেই এই প্রথম কংগ্রেস দলীয় এক মন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘বিদ্রোহের’ ঘোষণা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।পদত্যাগী মন্ত্রীর নাম মনোজ চক্রবর্তী। তিনি পরিষদীয় এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। ১৭ জানুয়ারি মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তাঁর সঙ্গে কোনো আলাপ-আলোচনা না করেই তাঁর দপ্তর থেকে সরিয়ে অন্য একটি গুরুত্বহীন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়।এ ঘটনায় ক্ষুব্ধ মনোজ চক্রবর্তী মমতার বিরুদ্ধে প্রকাশ্য ‘বিদ্রোহ’ ঘোষণা করে বলেন, এই সরকার স্বৈরাচারী সরকার। এই মন্ত্রিসভায় তিনি থাকবেন না। এর পরই তিনি তাঁর পদত্যাগপত্র প্রথম অনুমোদনের জন্য পাঠিয়ে দেন কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর কাছে। সোনিয়া গান্ধীর অনুমোদনের পর মনোজ চক্রবর্তী কাল মঙ্গলবার তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে সেই পদত্যাগপত্র পাঠানো হয়েছে রাজ্যপালের কাছে।মনোজ চক্রবর্তী পদত্যাগ করায় কংগ্রেসের রাজ্য মন্ত্রিসভার সদস্যসংখ্যা কমে গিয়ে দাঁড়াল ছয়জনে—দুই পূর্ণ মন্ত্রী এবং চার প্রতিমন্ত্রী। মন্ত্রিসভা গঠনের পর এই প্রথম মমতা ধাক্কা খেলেন তাঁদের জোটের শরিক কংগ্রেসের দ্বারা।