মমতার মুখে বিসমিল্লাহ, মিশ্র প্রতিক্রিয়া মুসলিম সমাজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভায় বিসমিল্লাহ বলা, কালেমা পাঠ, আজানের সময় মাথায় কাপড় দেওয়া প্রভৃতির ব্যাপারে পশ্চিমবঙ্গের মুসলিম চিন্তাবিদ ও বুদ্ধিজীবীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকের মতে, মমতার ইসলামপ্রীতিতে হয়তো নির্বাচনী রাজনীতির রং আছে। তবে এও ঠিক, তিনি বামদের চেয়ে মুসলমানদের প্রতি অধিকতর সহানুভূতিশীল। এর বিরুদ্ধ মত হচ্ছে, ধর্মীয় ভাবাবেগকে উসকে দিয়ে রাজনৈতিক ফায়দা লোটাই তৃণমূল নেত্রীর লক্ষ্য।এ মুহূর্তে মমতার সঙ্গে জনসভার মঞ্চে উঠে আলোচনার কেন্দ্রে আছেন ধর্মতলায় টিপু সুলতান মসজিদের শাহি ইমাম মাওলানা নুরুর রহমান বরকতি। গত শুক্রবার ওসামা বিন লাদেনের ‘বিদেহী আত্মার শান্তি কামনায়’ তিনি এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি জনসভায় এর আগে মমতার হাতে রাখি বেঁধেছেন। তাঁর চাচা আমিমুল এহছান ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম ইমাম। বর্তমান ইমাম তাঁরই ছাত্র।মাওলানা বরকতি প্রথম আলোকে বলেন, ‘মমতার কালেমা পড়া এবং বিসমিল্লাহ বলে বক্তৃতা শুরু করাকে পশ্চিমবঙ্গের মুসলমানেরা সুনজরেই দেখছেন। গান্ধীজিও কালেমা পড়েছিলেন। সিপিএমে আপনি এসব পাবেন না। তাঁদের মুখে নীতি, কাজে বেইমানি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে একসময় সিপিএম মানত। আমিও তাদের পছন্দ করতাম। কিন্তু তারা যখন মমতার গায়ে হাত দিল, তাকে মারল, এরপর আমি মমতার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই। গত ৩৪ বছরে মুসলমানদের জন্য বামরা কিচ্ছু করেনি।’শাহি ইমামের এই অবস্থানের কঠোর সমালোচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রধান ও ইকবাল চেয়ার অধ্যাপক শাহনাজ নবী। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর উচিত ইমামের পদ ছেড়ে দিয়ে রাজনীতিতে নামা। তিনি হয়তো একদিন ভোটে দাঁড়াবেন। মমতার সঙ্গে ভিড়ে রেলের বোর্ডে ইতিমধ্যে আসন পেয়েছেন। তৃণমূল নেত্রী আসলে ধর্ম নিয়ে খেলা করছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নোংরামি চলছে। এটা বন্ধ করতে হবে।পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির ভারপ্রাপ্ত চেয়ারপারসন শাহনাজ আরও বলেন, ‘এর আগে তৃণমূলের এক নেতা মমতাকে কোরআন শরিফ উপহার দিয়েছেন। যখন দেন তখন তিনি কর্মী ছিলেন, এখন মন্ত্রী হয়েছেন। প্রশ্ন হলো, মমতা কি অজু করে কোরআন শরিফ হাতে নিয়েছিলেন? কোরআন শরিফ হাতে নিতে হলে অজু করতে হবে। অথচ এসব করে বাহবা নেওয়া হচ্ছে। মুসলমানদের বোকা বানানো হচ্ছে। আমরা হাসির পাত্র হচ্ছি।’অধ্যাপক শাহনাজের মন্তব্য প্রসঙ্গে শাহি ইমাম মাওলানা বরকতি বলেন, ‘তিনি তো বোরকা না পরে ঘোরেন। আমি জালেম বাম সরকারকে সরাতে চাই। মমতার সরকার যদি জালেম হয়, তাহলে তাকেও সরিয়ে দেব। মমতা আমাকে প্রার্থী হতে অনুরোধ করেছিলেন, আমি রাজি হইনি।’পশ্চিমবঙ্গে জনসংখ্যার প্রায় ২৮ শতাংশ মুসলিম। আর রাজ্য বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ৭০ আসন মুসলিমপ্রধান। আরও ৫৫ আসন রয়েছে, যেখানে মুসলমানরাই ভোটের নির্ণায়ক শক্তি। সব মিলিয়ে ১২৫ আসনে মুসলিম ভোটের ওপরই নির্ভর করছে নির্বাচনের ফল। বর্তমানে ২৯৪ আসনের বিধানসভায় মুসলিম বিধায়ক আছেন ৪৬ জন। এবারের নির্বাচনে মুসলিম-অধ্যুষিত এলাকায় সব দলই মুসলিম প্রার্থী দিয়েছে।মুসলিম ভোটারদের মন জয়ে মমতা-কৌশলের কাছে বামদের ম্লান হওয়ার ধারণা অবশ্য উড়িয়ে দেন বিশিষ্ট বাম নেতা মোহাম্মদ সেলিম। উল্টো তিনি প্রশ্ন রাখলেন, ‘বাংলাদেশে আপনাদের অভিজ্ঞতা কী। ধর্মীয় সুড়সুড়ি দেওয়া কিংবা তেমন ঘরানার অভিনয় দিয়ে মাত করতে পারলে আপনাদের অনেক ইসলামি দলের সরকার গঠনের কথা। সেটা তো হয় না। পশ্চিমবঙ্গেও তা ঘটবে না।’উল্লেখ্য, ক্ষমতাসীন বামফ্রন্টের চেয়ে অনেক বেশি মাত্রায় এবং নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেস তার নির্বাচনী ইশতেহারে মুসলিম স্বার্থ রক্ষার অঙ্গীকার করেছে। মমতা নির্বাচনী ইশতেহারে বলেছেন, মুসলিম বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। আরও মাদ্রাসা এবং হিন্দি ও উর্দু স্কুল করা হবে। ১০ ভাগ উর্দুভাষী মুসলিম থাকার বিষয়ে বিচারপতি সাচার কমিটি ও বিচারপতি রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে। জনসংখ্যার ১০ ভাগ হলেই সেখানে উর্দু পাবে দ্বিতীয় ভাষার মর্যাদা। কোনো বিলম্ব ছাড়াই উর্দু শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি স্বীকৃতি দেওয়া হবে। মাদ্রাসায় কারিগরি শিক্ষার প্রসারে রাজ্যের বিশেষ বাজেট থাকবে। অন্যদিকে বামফ্রন্টের ইশতেহারে মুসলিমদের বিষয়ে বিভিন্ন অর্জনের বিবরণ আছে। বলা আছে, দ্বাদশ শ্রেণী পর্যন্ত সংখ্যালঘু মেয়েদের ইউনিফর্ম ও সাইকেল দেওয়া হবে।আলীগড় বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে বিতর্ক আছে। অনেক মুসলিম সংগঠন চেয়েছে, এর নাম হবে আলীগড় মাদ্রাসা বিশ্ববিদ্যালয়। কিন্তু বাম সরকার এতে রাজি হয়নি। তারা রেখেছে আলীগড় বিশ্ববিদ্যালয়। টিপু সুলতান মসজিদের শাহি ইমাম বলেন, বামরা মাদ্রাসার নাম শুনতে পারে না। মমতা সরকারে এলে আলীগড় বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে মাদ্রাসা যুক্ত হবে। অবশ্য তৃণমূলের নির্বাচনী ইশতেহারের একটি বাক্য এ রকম, ‘আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মডেলে আরও নতুন বিশ্ববিদ্যালয় করা হবে।’জনসভায় মমতার কালেমা পাঠ সম্পর্কে কলকাতার নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাছমি বলেন, ‘আমি তো মনে করি, তিনি দিল থেকেই কালেমা পড়েন। আর তিনি যেহেতু নারী, তাই মাথায় কাপড় দেবেন, সেটা তো ভালো কথা।’হুগলির ফুরফুরা শরিফের ঐতিহ্যবাহী পীর পরিবারের অবস্থান নিয়ে আলোচনা আছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ এলাকায় তাঁদের মুরিদ ও ভক্ত আছেন। ফুরফুরা শরিফের গদিনশিন পীর হলেন ৯০ বছর বয়স্ক পীরজাদা সাইফুদ্দিন সিদ্দিকী। তাঁর চাচাতো ভাই পীরজাদা তোহা সিদ্দিকী পরোক্ষ হলেও মমতার পক্ষে অবস্থান নিয়েছেন। আরেক পীরজাদা বাহাউদ্দিন সিদ্দিকীর সহানুভূতি বামফ্রন্ট সরকারের অনুকূলে বলে জানা গেছে। সাচার কমিটির প্রতিবেদনের বিষয়ে বাম সরকার তাঁর পরামর্শ নিয়েছিল। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, তোহা সিদ্দিকীর বিষয়ে তিনি মন্তব্য করবেন না। তাঁর ব্যক্তিগত অবস্থান অরাজনৈতিক। তাঁর কথায়, ফুরফুরা দরবার শরিফ রাজনীতির সঙ্গে কখনো সম্পৃক্ত ছিল না। বাঙালি মুসলমানদের ৮৫ ভাগই ফুরফুরা শরিফের ভক্ত। প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মমতা ভালো হলে তাঁকেও সমর্থন দেব।’