তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সোমবার নয়াদিল্লিতে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন। এ সময় তিনি কংগ্রেস পার্টিকে তাঁর সরকারে (পশ্চিমবঙ্গ রাজ্য সরকার) অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। একই সঙ্গে আগামী শুক্রবার তাঁর নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যও তিনি সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানান। মমতা বলেন, শুক্রবার একটি ভালো দিন, এদিনই তিনি শপথ নেবেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়াজির সঙ্গে দেখা করেছি এবং তাঁদের আমার শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছি। তবে প্রধানমন্ত্রী তাঁকে জানিয়ে দেন, ওই সময় তিনি বিদেশ সফরে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারবেন না। আর সোনিয়াজি যোগ দেবেন কি না, তা পরে জানাবেন।’ গতকাল নয়াদিল্লির ১০ নম্বর জনপথের সোনিয়ার বাসভবনে মমতা গেলে সোনিয়া তাঁকে জড়িয়ে ধরে স্বাগত জানান। মন্ত্রিসভায় কংগ্রেসের অংশ থাকছে কি না, এমন প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘নতুন সরকারে কংগ্রেসের অংশ থাকবে। আমি তাঁদের আমন্ত্রণ জানিয়েছি। তাঁরা (কংগ্রেস নেতারা) আমাকে জানাবেন।’ তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পর কাকে সে দায়িত্ব দেওয়া হবে— সাংবাদিকেরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়টি বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রী মনমোহন সিং ঠিক করবেন। পিটিআই, এনডিটিভি।মমতাকে সরকার গঠনের আমন্ত্রণ: কলকাতা থেকে আমাদের প্রতিনিধি অমর সাহা জানান, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন গতকাল সোমবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের পরবর্তী সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। রাজভবন সূত্র জানায়, রাজ্যপাল গতকাল মমতার কাছে চিঠি পাঠিয়ে তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। এর আগে গতকাল রাজভবনে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি মানস ভূঁইয়া রাজ্যপালকে জানিয়ে আসেন, তৃণমূল কংগ্রেস সরকার গড়লে তাঁকে সমর্থন জানাবে কংগ্রেস। সূর্যকান্ত মিশ্র বিরোধীদলীয় নেতা: পশ্চিমবঙ্গ বিধানসভায় দীর্ঘ ৩৪ বছর পর এবার বিরোধীদলীয় আসনে বসতে চলেছে বামফ্রন্ট। গতকাল সিপিএম জানিয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বিধায়ক সূর্যকান্ত মিশ্র। পরবর্তী রেলমন্ত্রী নিয়ে টানাপোড়েন: মমতা রেলমন্ত্রীর পদ ছাড়লে ভারতের পরবর্তী রেলমন্ত্রী কে হবেন, তা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসে। মমতা চাইছেন, তিনি রেলমন্ত্রী থেকে ইস্তফা দিলে ওই পদটি তৃণমূলের কাউকে দেওয়া হোক। এ ব্যাপারে তৃণমূলের পছন্দ বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। কিন্তু কংগ্রেস চাইছে, উত্তর প্রদেশের কাউকে রেলমন্ত্রী করতে। আগামী বছর উত্তর প্রদেশের বিধানসভার নির্বাচন। পশ্চিমবঙ্গে মমতাকে রেলমন্ত্রী করে কংগ্রেস এবার যেমন বিধানসভা নির্বাচনে সাফল্য পেয়েছে, তারই পুনরাবৃত্তি ঘটাতে চায় উত্তর প্রদেশেও। এর বদলে মমতা চাইলে কংগ্রেস তৃণমূলকে রেল প্রতিমন্ত্রীর পদ কিংবা অন্য কোনো কেন্দ্রীয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদ দিতেও রাজি। তৃণমূল সূত্রে জানা যায়, মমতা এতে রাজি নন, তিনি চাইছেন তাঁর দলের কাউকেই রেলমন্ত্রী করা হোক। এতে করে পশ্চিমবঙ্গে তাঁর দেওয়া রেলের উন্নয়নের কর্মসূচির প্রতিশ্রুতি বাস্তবায়ন সহজ হবে।