মমি করা হচ্ছে না চাভেজের মরদেহ!
ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট ও বিপ্লবী সমাজতান্ত্রিক নেতা হুগো চাভেজের মরদেহ মমি করা সম্ভব না-ও হতে পারে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বরাত দিয়ে গতকাল বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ৫৮ বছর বয়সী এই বামপন্থী নেতা প্রায় দুই বছর ধরে ক্যানসারে ভুগে ৫ মার্চ শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর দুই দিন পর তাঁর মরদেহ মমি করে জাদুঘরে রাখার ঘোষণা দেন দেশটির তত্কালীন ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো।তখন মাদুরো বলেন, চাভেজের মরদেহ ‘হো চি মিন, লেনিন ও মাও সে-তুংয়ের মরদেহর মতো মমি করে একটি কাচের শবাধারে স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। তিনি জানান, চাভেজের মমি করা মরদেহ ‘মাউন্টেইন ব্যারাকে’ সংরক্ষিত থাকবে।তবে নিকোলা মাদুরো গতকাল বুধবার স্বীকার করেন, চাভেজের মরদেহ মমি করতে বেশ সময় লেগে যেতে পারে।মাদুরো বলেন, ‘চাভেজের মরদেহ মমি করার বিষয়ে রাশিয়া ও জার্মানির বিজ্ঞানীরা ভেনেজুয়েলায় এসেছেন। তাঁরা আমাদের বলেছেন, এখন এটা করা বেশে কঠিন কাজ। কারণ এই প্রক্রিয়া আরও আগেই শুরু করা উচিত ছিল। সম্ভবত আমরা এটা করতে পারব না।’মাদুরো বলেন, ‘যেসব সমস্যার কারণে “হো চি মিন, লেনিন ও মাওয়ের” মতো চাভেজের মরদেহ মমি করা অসম্ভব হয়ে উঠতে পারে, তা জনগণকে জানানো আমার দায়িত্ব।’চাভেজ-পরবর্তী ভেনেজুয়েলায় আগামী ১৪ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচন হবে।