মমির অভিশাপ
গত বছরের জুন মাসের কথা। আমরা একদল বন্ধুবান্ধব ঠিক করলাম মিসর ও তুরস্ক ভ্রমণে যাব। প্যাকেজ ট্যুর। আটজন যাত্রী। রঞ্জনা আর তাঁর মেয়ে অনসূয়া। রাফাত আর তাঁর মেয়ে দানিশা। মেরিনা আর তাঁর মেয়ে পদ্য। সঙ্গে আমি। বিজোড়। আমার সঙ্গে আমাদের বন্ধু সুকান্তগুপ্ত। দুই মোচুয়া এক রুমে। এভাবেই হোটেলগুলোয় রুম ভাগাভাগি করতে হয়েছিল।কায়রো এয়ারপোর্ট থেকে ট্রলি ঠেলে বেরোতেই গরমের আঁচ খানিকটা টের পাওয়া গেল। আমরা পৌঁছেছি বিকেলবেলা। আমাদের নিয়ে বড় একটা ভ্যান চলল কায়রোর উপকণ্ঠে গিজায়। সেখানেই আমাদের হোটেল। ওই হোটেল থেকেই পিরামিড দেখা যায়।পরের দিন সকালবেলার প্রথম কাজ পিরামিড দেখতে যাওয়া। প্রচণ্ড রোদ। গাড়ি করে যাচ্ছি। নানা আকৃতির পিরামিড চোখে পড়ছে। গাইড বর্ণনা করছেন, কোনটা কী। গিজার বড় পিরামিডটার সামনে গাড়ি থামল। এই পিরামিডের ভেতরে ঢোকা যাবে। পিরামিড ব্যাপারটার মধ্যে সত্যি সত্যি ভয়াবহ বিস্ময় লুকিয়ে আছে। প্রায় সাড়ে চার হাজার বছর আগে এই পিরামিড তৈরি হয়েছে। ২৩ লাখ টুকরো পাথরের ব্লক আছে এই পিরামিডে। দুই টন থেকে শুরু করে ৮০ টন পর্যন্ত ওজনের চুনাপাথরের টুকরো ব্যবহূত হয়েছে পিরামিডে। উঁচু ৪৮০ ফুট, মানে প্রায় ৪৬ তলা উঁচু একটা ভবন। বাংলাদেশে এত উঁচু ভবন একটাও নেই। এত উঁচুতে এ রকম বড় বড় পাথরের টুকরো তোলা হলো কী করে? এগুলো আনা হলোই বা কোত্থেকে? ৫০০ মাইল দূর থেকে আনা হয়েছে। নীল নদ বেয়ে। ফারাও খুফুর সমাধি এটা।এই পিরামিডের ভেতরে আবার ঢোকাও যায়। টিকিট কেটে ঢুকতে হবে। ১০০ মিসরীয় পাউন্ড টিকিটের দাম। বাংলাদেশি টাকায় এক হাজার ২০০ টাকার মতো। কিন্তু আপনি যদি দুর্বলচিত্তের হন, আপনার যদি বদ্ধতার ভীতি থাকে, তাহলে আপনি ভেতরে ঢুকবেন না। একটা জায়গায় সিঁড়ি সরু হয়ে যাবে। হামাগুড়ি দিতে হবে। এই সাবধানবাণী বোধ করি আমারই জন্য। কারণ আমি বদ্ধ জায়গায় খুব ভয় পাই। লিফটের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসে।কাজেই আমি বললাম, আমি যাব না বাবা। অসীম সাহসী দানিশা আর অনসূয়া যাবে। সঙ্গে চলল অলক। কিন্তু পিরামিডের সুড়ঙ্গের মুখে এসে আমার মনে হলো, এতদূর এসে পিরামিডের দরজা থেকে ফিরে যাব? শুধু একটুখানি সাহসের অভাবে। আল্লাহর নামে ঢুকে পড়লাম। যাচ্ছি, যাচ্ছি, পথ সরু হয়ে আসছে, এবার মাথা নামিয়ে যেতে হবে। সামনে দানিশা, অনসূয়া, বাচ্চা মেয়েরা, আর আমি ভয় পাব। তারপর আবার রাস্তা বড় হয়ে গেল। মাথা উঁচু করে যাওয়া যায়। তারপর রানির ঘর। সত্য হলো, ভেতরে এখন আর কিছু নেই। একসময় ছিল। যা ছিল তার সবই এখন জাদুঘরে, নয়তো লুট হয়ে গেছে। কিন্তু সেটা আমি বলতে চাই না। বলতে চাই, ভেতরে যা আছে, তা না দেখলে বিশাল একটা অভিজ্ঞতা থেকে বঞ্চিত হলেন। ঢুকবেন। অবশ্যই ঢুকবেন।পিরামিডের ভেতর থেকে বেরোলাম জীবিত ও সম্পূর্ণ অক্ষত অবস্থায়। গাড়ি করে বিভিন্ন স্থানে যাচ্ছি। কোথাও থেকে একসঙ্গে তিনটি পিরামিড দেখা যায়। কোথাও বা ছোট পিরামিড। তারপর সেই বিখ্যাত স্ফিংসের সামনে। ঘুরেফিরে ছবি তোলা হলো। যেকোনো বিখ্যাত জায়গায় যাওয়ার আসল লক্ষ্য হলো ছবি তোলা, বিখ্যাত স্থাপনাটার সামনে নিজের ছবি অবশ্যই আপনাকে তুলতে হবে। কারণ দিন যায়, ছবি থাকে। আর ফেসবুকে ছবি দিয়ে সঙ্গে স্ট্যাটাস দেওয়া, এখন আমি কায়রোয়, স্ফিংসের সামনে, তার মজাই আলাদা। অন্যদের সমীহ ও ঈর্ষা আদায় করার এরচেয়ে সহজ কাজ আর কী আছে?দুপুরের খাওয়া হলো একটা রেস্টুরেন্টে। বসার সঙ্গে সঙ্গে রুটি আসে, সঙ্গে একটা তিলভর্তা ধরনের জিনিস, অতি বিস্বাদ। সালাদ আসে, আর বিচিত্র ধরনের চমৎকার কাবাব। দুপুরের খাওয়া ভালো হলো।সেই ভালো খাওয়াই বিপদ ডেকে আনল। ভয়ংকর বিপদ।মিসরের বিখ্যাত জাদুঘর দেখতে গিয়ে আমাদের আটজন যাত্রীর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, আমার প্রাণাধিক সহধর্মিণী ও প্রাক্তন সহকর্মিণী, আমার একমাত্র কন্যা পদ্যর একমাত্র মা হারিয়ে গেলেন।দুপুরের পর আমরা গাড়ি করে এলাম জাদুঘরের সামনে। যেখানে নামিয়ে দেওয়া হলো সেটাই বিখ্যাত তাহরির চত্বর। খানিকটা হাঁটলেই চোখে পড়বে জাদুঘরটা, বাইরের থেকে লাল রঙের, খানিকটা মোগল স্থাপত্যের মতো। জাদুঘরের পাশেই একটা পোড়া বহুতল ভবন, এটাই হোসনি মোবারকের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির অফিস। পুড়ে অঙ্গার হয়ে গেছে।জাদুঘরের ভেতরে ঢোকা গেল। উফ। এত বড়। আর এত কিছু আছে। তাদের সংগ্রহে আছে এক লাখ ২০ হাজার জিনিস। তার সামান্যই তারা দেখাতে পারছে। আর তার সবটা দেখতে গেলে দুই দিন লেগে যাবে কমসে কম। আমরা হাঁটছি। নিচতলায় প্যাপিরাসের নানা প্রাচীন লেখাজোখা। দোতলায় পিরামিডের ভেতরে পাওয়া মূল্যবান সব উপকরণ। বিখ্যাত নৃপতি তুতেনখামেনের সেই সোনার মুখোশ আছে। ১১ কেজি সলিড গোল্ড। মমি যেখানে আছে, সেখানে ঢুকতে হলে ১০০ মিসরীয় পাউন্ডের টিকিট করতে হবে। শিক্ষার্থী হলে ৫০ পাউন্ডের টিকিট লাগবে। আমাদের পাঁচজন বড়, তিনজন শিক্ষার্থী। তাহলে লাগে ৬৫০ পাউন্ড। রাফাত, আমাদের ডেইলি স্টার-এর সহকর্মিণী, তাঁকে বললাম, আপনারা তো দুজন, আপনি আর আপনার মেয়ে, দুটো টিকিটের জন্য ২০০ পাউন্ড দিন। উনি দিলেন। আমি দুটো টিকিট বড়দের, দুটো শিক্ষার্থীদের টিকিট কিনলাম। লাগল ৩০০ পাউন্ড। বললাম, এতেই হবে।উনি বললেন, কীভাবে? ‘ওরা বলেছে, মমি রাখা হয়েছে দুই ভাগে, দুটো আলাদা রুমে। একটা টিকিট কাটলেই দুটো রুমেই যাওয়া যাবে। কাজেই আমরা প্রত্যেকে একটা করে রুমে যাব। দুটো রুমেই তো একই জিনিস। আমাদের মধ্যে তিনজন আছে প্রকৃত শিক্ষার্থী। আর অলক ভর্তি হয়েছে বিদেশি ভাষা শিক্ষা কোর্সে। কাজেই সেও স্টুডেন্ট। দুটো স্টুডেন্ট টিকিট দিয়ে এই চারজনের দুজন এই পাশটা, অন্য দুজন ওই পাশটা দেখবে। আর অ্যাডাল্ট দুটো টিকিট দিয়ে আমরা বড় চারজন দুজন দুজন করে একবার এপাশ আরেকবার ওপাশ দেখব। ভাগাভাগি করে নিলেই হবে।’টাকা বাঁচানোর এই অভিনব কৌশলে সবাই খুশি হলো। শুধু রাফাত খুশি হলেন না। তিনি দুটো টিকিটের পুরো দাম দিয়ে দিয়েছেন। এমনকি মেয়ের জন্যও তাঁর কাছ থেকে দ্বিগুণ টাকা নিয়েছি।আর খুশি হলো না মমির অতৃপ্ত ফারাও-আত্মারা। তারা বলল, প্রতিশোধ নেব। মিসরীয় জাদুঘরের বিশাল উঁচু হলঘরের ছাদে দেয়ালে বাতাসের হিসহিসানি, তুমি কাজটা ঠিক করলে না! আমরা প্রতিশোধ নেব। তোমার সবচেয়ে প্রিয়জনকে আমরা ভ্যানিশ করে দেব। (ঠিক তখনই কথাটা ওরা বলেনি, একটু পরে কাজটা করে তারা আমাদের দেখাবে)আমাদের চারজন মমির ঘরে ঢুকল। বাকি চারজন বিশাল জাদুঘরের উন্মুক্ত এলাকায় রাখা হাজার হাজার জিনিস দেখে কুলাতে পারছে না। কত আর দেখা যায়। আমি যে পাশটায় গিয়েছিলাম, সেই পাশটায় ছোট শিশুর মমিও দেখলাম। দেখা গেল কুকুরের মমি। রাজা মারা গেছেন। পরকালে যাচ্ছেন। সেখানে তার যা যা লাগতে পারে, সেসব তাঁর সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। চাকরবাকর থেকে কুকুর পর্যন্ত মমি করে দিয়ে দেওয়া হয়েছে।তুতেনখামেনকে নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। তুতেনখামেনের কফিনের ঢাকনা খুলেছিলেন একজন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ। ছয় সপ্তাহ পরে তিনি মারা যান।চারজন চারজনের দল। দুই দলেই দেখা সম্পন্ন। এবার আমরা বেরিয়ে যাব জাদুঘর থেকে। ফেরার পথে গুনে দেখলাম আমরা সাতজন। একজন নেই। কে নেই? মেরিনা।মেরিনা কোথায় গেল? ও তো আমাদের সঙ্গেই ছিল।শুরু হলো মেরিনাকে খোঁজা। আমরা বাকি সাতজন তিন গ্রুপে ভাগ হয়ে তিন দিকে ছুটতে লাগলাম। আমাদের গাইড-কাম ড্রাইভারও আমাদের সঙ্গে খুঁজতে লাগল। সবার প্রতি নির্দেশ, পাও বা না পাও, আবার ঠিক এই পয়েন্টে ফিরে আসবে। বাবারে। এই জাদুঘর এত বড়। তিন দল তিন দিকে ছুটছে। বড় বড় হলরুম। তার মধ্যে কোথাও বা বিশাল খাট। এই খাটে অমুক রাজা শয্যা নিতেন। কোথাও বা বিশাল পাথরের কফিন। তার ভেতরে এই সব সোনাদানা পাওয়া গেছে। কত ধরনের মুখোশ। সেসবের দিকে কারও নজর নেই। সবাই খুঁজছে মেরিনাকে। তন্ন তন্ন করে দোতলা খোঁজা হলো। না মেরিনা নাই।দোতলা থেকে নেমে নিচতলায় খোঁজা শুরু হলো। না মেরিনা নাই। তাহলে কি মেরিনা একা একা বাইরে চলে গেছে। পাঁচজন ভেতরে রইল। দুজন বাইরে বেরিয়ে এল। না বাইরেও মেরিনা নাই।দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। খুঁজতে খুঁজতে হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত। সবাই বেরিয়ে এল জাদুঘর থেকে। গেটের কাছে সবাই বসে পড়ল একটা বাগানের রেলিংয়ে। সবাই হতাশ। সবাই ক্লান্ত। কোথায় যেতে পারে?পদ্য কাঁদতে শুরু করল। মা কই?সন্ধ্যা হয়ে আসছে। জাদুঘরে ঢোকার দরজা বন্ধ করে দেওয়া হলো।পদ্য বলল, এখন কী হবে। ওরা তো দরজা বন্ধ করে দিচ্ছে।আমি বললাম, না পাওয়া গেলে কী আর করা যাবে। কাল সকালে উঠে আবার আমরা খুঁজব। এখন হোটেলে ফিরে যাওয়া যাক।পদ্য বলল, মাকে ছেড়ে আমি যাব না। সে হাউমাউ করে কাঁদছে।আমরা জাদুঘরের কর্মচারীদের আমাদের সমস্যার কথা জানালাম। আপনাদের কি কোনো মাইক্রোফোন আছে। সেটায় ঘোষণা দেওয়া যাবে?না, সেই রকম কোনো ব্যবস্থা নেই।আবার খুঁজতে যেতে হবে। ঢোকার পথ বন্ধ। কিন্তু আরেকটা উপায় আছে। সেটা হলো, বেরোনোর পথটা এখনো খোলা। সেই পথে ঢুকে উল্টো দিকে যাওয়া। তাতে সুবিধাও হবে। মেরিনা যদি বেরোনোর পথে আসে, তাকে পাওয়া যাবে।অলক, আমাদের গাইড-কাম ড্রাইভার আর আমি গেলাম বেরোনোর গেটে। কর্মচারীকে বললাম, ভাই, আমার বউ হারিয়ে গেছে। ওকে খুঁজে না পেলে তো আপনাদেরই মুশকিল।ওরা আমাদের ঢুকতে দিল।আমরা পুরো জাদুঘরের প্রতিটা কোনাকাঞ্চি বিপরীত দিক থেকে তল্লাশি করতে করতে এগোতে লাগলাম। নিচতলা খোঁজা শেষে এবার দোতলা। দোতলার এঘর-ওঘর। তারপর হঠাৎ শুনি, অলক বলছে, এই যে পাওয়া গেছে।মমি রাখার দুই ঘরের মাঝখানের জায়গায় নিরিবিলি কোণে একটা বসার বেঞ্চের ওপরে পা তুলে বসে মাথা হাঁটুতে রেখে তিনি ঘুমুচ্ছিলেন। এরই মধ্যে যে দুই ঘণ্টা পেরিয়ে গেছে, তিনি কিছুই জানেন না। আমাদের গাইড তাঁকে খুঁজে পেয়েছে।তাকে বলি, এটা কোনো কথা। তুমি এইখানে বসে দুই ঘণ্টা ঘুম দিলা। আর আমরা তো ভাবলাম তুমি গায়েব হয়ে গেছ। ও আমাদের উদ্বেগকে মোটেও পাত্তা দিল না। বলল, আরে আমার জ্বর না! আমি প্যারাসিটামল খেয়ে চলাচল করছি না! একটু ঘুমিয়েছি তো কী হয়েছে?মেরিনাকে সঙ্গে করে নিয়ে আমরা বেরিয়ে আসছি। গেটের রক্ষীরা বলল, পেয়েছেন? নিশ্চয়ই। এই ভদ্রমহিলা হারিয়ে গিয়েছিলেন।যখন জাদুঘর থেকে বেরোনো হলো, তখন সন্ধ্যা নেমে এসেছে। পদ্য দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল।আমি বললাম, তোমার মেয়ের জন্য আজকে তোমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তা না হলে তোমাকে রেখেই আজকে ফিরে যেতাম। কাল সকালে আবার ফিরে আসতাম।ওই সন্ধ্যাতেই আমরা নীল নদে গেলাম জাহাজে চড়ে ভ্রমণ করতে। কী যে ভালো লাগল সেই নৌ-ভ্রমণ। বাইরের দৃশ্য সত্যিই ছিল অপরূপ। কিন্তু সবচেয়ে মনোহর ছিল বেলিড্যান্স। নর্তকীটি ছিল অগ্নিশিখার মতো সুন্দর। আরেকজন যুবক নাচতে নাচতে সার্কাসের মতো কী সব দেখাল, সেটাও ছিল নয়নমন ভোলানো।পরের দিন আমরা রওনা হলাম আলেকজান্দ্রিয়ার পথে। গ্রেকো রোমান থিয়েটার দেখে তো আমরা মুগ্ধ। মাটির নিচের প্রাসাদ দেখা হলো। কিন্তু সবচেয়ে ভালো লাগল আলেকজান্দ্রিয়া লাইব্রেরি। পুরোনোটা তো আর এখন নেই। নতুন করে বানানো। কী যে সুন্দর তার স্থাপত্যকর্ম। বাইরের আলো এসে ঢুকতে পারে সেই পাঠাগারে। আর কত বই!(আমার ক্যামেরায় মিশরে তোলা আলোকচিত্রগুলোর সবই অক্ষত আছে। কিন্তু জাদুঘরের ছবিগুলো খুলছে না। মমির অভিশাপ ঢাকা পর্যন্ত আমাকে তাড়া করে ফিরছে।)