মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পেলেন সৈয়দ শামসুল হক
বাংলা কবিতায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ কবি সৈয়দ শামসুল হক বাংলা একাডেমী পরিচালিত ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১১’-এ ভূষিত হয়েছেন। গতকাল রোববার বিকেলে একাডেমীর সেমিনারকক্ষে আনুষ্ঠানিকভাবে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। পুরস্কার হিসেবে কবি সৈয়দ শামসুল হকের হাতে এক লাখ টাকা মূল্যমানের একটি চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে মযহারুল ইসলামের স্ত্রী নূরজাহান মযহার, ছেলে চয়ন ইসলাম ও শোভন ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ, লেখক, গবেষক ও কবি অধ্যাপক মযহারুল ইসলামের স্মৃতি রক্ষা এবং বাংলাদেশের মেধাবী, খ্যাতিমান এবং প্রতিভাবান কবিদের অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ২০১০ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়। প্রতিবছর অধ্যাপক মযহারুল ইসলামের জন্মদিন ১০ সেপ্টেম্বর পুরস্কারপ্রাপ্ত কবির নাম ঘোষণা করা হয়। পুরস্কার তহবিলের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করেছে মযহারুল ইসলামের পরিবার।শুভেচ্ছা বক্তব্যে শামসুজ্জামান খান বলেন, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ইতিমধ্যে দেশের একটি গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কারের মর্যাদা পেয়েছে। এ পুরস্কার যেমন মযহারুল ইসলামের স্মৃতি জাগরূক রাখবে, তেমনি কবিদের সৃজনশীল সত্তাকে প্রেরণা জোগাবে। তিনি বলেন, সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের ক্রম-আধুনিক কবি। দেশজতা ও বিশ্বমুখীনতাকে তিনি একত্রীভূত করেছেন, যা সমকালে বিরল।কবি আসাদ চৌধুরী বলেন, সৈয়দ শামসুল হকের কবিতা ধারণ করেছে বাঙালির দীর্ঘ গৌরব ও সংগ্রামের ইতিহাস। তাঁর কাব্যভাষা নিত্য নবায়নশীল।পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে কবি সৈয়দ শামসুল হক বলেন, ‘জীবনে অনেক পুরস্কার পেলেও শিক্ষক মযহারুল ইসলামের নামে প্রবর্তিত এ পুরস্কার পেয়ে আমি নতুন প্রেরণা লাভ করেছি।’ সভাপতির বক্তব্যে অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, ‘বাংলা কবিতায় নতুন ব্যঞ্জনা যুক্ত করেছেন সৈয়দ শামসুল হক।’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে মযহারুল ইসলামের স্মৃতিচারণা ও সংগীত পরিবেশন করেন তাঁর পুত্রবধূ রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম।