শান্তি ও উন্নয়নে স্কাউটিং—এই স্লোগান সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ময়নামতির চরে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে দশম জাতীয় রোভার মুট ও পঞ্চম কমডেকা। বাংলাদেশ স্কাউটসের সবচেয়ে বড় আসর এটি। এ উপলক্ষে অপরূপ সাজে সাজানো হয়েছে ময়নামতির চর। বাংলাদেশ স্কাউটসের আয়োজনে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দেশি-বিদেশি স্কাউটস ও রোভারদের এই মহা মিলনমেলা। আগামীকাল বৃহস্পতিবার এই আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল প্রথম দিন দুপুরের পর প্রায় সাত হাজার রোভার ও স্কাউট সদস্য ভিলেজ ভাওয়াল চ্যালেঞ্জ-১ সুস্থ দেহ সুস্থ মন; ভিলেজ মধুপুর চ্যালেঞ্জ-৮ হাইকিং; ভিলেজ লাউয়াছড়া, ফাতরাবন ও গজনী চ্যালেঞ্জ-১৩ ক্যারিয়ার প্ল্যানিংয়ে অংশ নেয়। এই চ্যালেঞ্জে স্কাউট, রোভার, গার্ল স্কাউট, গার্ল রোভারসহ প্রায় আড়াই হাজার সদস্য অংশ নেয়।চ্যালেঞ্জের পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহিত আল রশীদ উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (কর্মসূচি) মো. মেসবাহউদ্দীন ভূঁইয়া ও প্রথম আলোর হেড অব ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন অরূপ কুমার ঘোষও উপস্থিত ছিলেন। চ্যালেঞ্জের সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো জবস ডটকম। সন্ধ্যায় তাঁবু এলাকা সাজিয়ে প্রথম দিনের কাজ শেষ করে তারা। এবারের ক্যাম্প এলাকার নামকরণ করা হয়েছে সুন্দরবন। সুন্দরবনে ভাওয়াল, মধুপুর, লাউয়াছড়া, ফাতরা ও গজনী—এই পাঁচটি ভিলেজের আওতায় শিমুল ও পলাশ, অর্জুন ও অশোক, হিজল ও তমাল, নাগেশ্বর ও পৃথ্বিরাজ, কদম ও সুন্দরী নামে ১০টি সাব-ক্যাম্প থাকছে। এ ছাড়া ভাষাসৈনিক মোহাম্মদ সুলতানের নামে থাকছে একটি প্রদর্শনী ক্যাম্প। মো. মেসবাহউদ্দীন ভূঁইয়া জানান, এবারের আসরে দেশ ও বিদেশের ৬৩৯টি ইউনিট নিবন্ধন করেছে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও ফ্রান্সের স্কাউটরা এতে অংশ নিচ্ছে। ৬৩৯টি ইউনিটের মধ্যে রোভারের ৩৪৪টি ও স্কাউটসের ২৯৫টি ইউনিট অংশ নিচ্ছে। এর মধ্যে মেয়েদের ইউনিট আছে ১২০টি। চলতি আসরে প্রায় সাড়ে সাত হাজার স্কাউট অংশ নিচ্ছে। কর্মসূচি চলবে সাত দিন। রোভার সম্মেলন আর সমাজ উন্নয়ন ক্যাম্পকে ঘিরে অপরূপ সাজে সাজানো হয়েছে ময়নামতির চর। ক্যাম্প এলাকায় ১৫ শয্যার একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। হাসপাতালে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সার্বক্ষণিক চিকিৎসাসেবায় নিয়োজিত থাকছেন। আসর উপলক্ষে একটি মেলাও বসেছে। মেলায় প্রথম আলো জবস ডটকম, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন স্টল বসিয়েছে।