ময়মনসিংহ বিভাগের দাবিতে ১৫ অক্টোবর শহীদ মিনারে গণ-অনশন
ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের ডাকা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আজ রোববার ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচিতে নাগরিক আন্দোলনের নেতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। তাঁরা আগামী ১৫ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গণ-অনশন কর্মসূচি পালন করবেন।অবরোধ চলাকালে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই, শম্ভুগঞ্জ ও ময়মনসিংহ রেলস্টেশন এবং জেলার ত্রিশাল, ফুলবাড়ীয়া, নান্দাইল বাসস্ট্যান্ডে বিভাগ বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় ময়মনসিংহ শহরের বাস ও রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।অবরোধ চলাকালে ঢাকাগামী জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটিকে ময়মনসিংহ রেলস্টেশনে সকাল সোয়া নয়টায় অবরোধ করে দাবি আদায়ে মিছিল করা হয়। পরে ট্রেনের যাত্রীরাও বিভাগের দাবিতে একাত্মতা প্রকাশ করে ট্রেনটি ছেড়ে দেওয়ার আবেদন করলে সাড়ে নয়টার দিকে তা ছেড়ে দেওয়া হয়। পরে রেলস্টেশন চত্বরে নাগরিক আন্দোলনের নেতারা সমাবেশ করে আগামী ১৫ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-অনশন কর্মসূচি ঘোষণা করেন।১০ দফা দাবির মধ্যে আছে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন, ব্রহ্মপুত্র নদ খনন, ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, ময়মনসিংহে শিক্ষা বোর্ড স্থাপন, আনন্দ মোহন কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, ঢাকা-ময়মনসিংহ-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ব্রডগেজ ডবল রেললাইন স্থাপন ও এ রুটে একাধিক নতুন ট্রেন চালু করা, বৃহত্তর ময়মনসিংহের সব জেলা ও উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নীতকরণসহ চার লেনবিশিষ্ট ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নির্মাণকাজ মানসম্মতভাবে দ্রুত সম্পন্ন করা, ময়মনসিংহ স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সম্প্রসারিত ভবনে অবিলম্বে কার্যক্রম চালু এবং হাসপাতালে আধুনিক আইসিইউ, সিসিইউ, ডিএনএ ল্যাব, ওপেন হার্ট সার্জারি ইউনিট স্থাপনসহ রোগীর সেবার মান আরও আধুনিক ও উন্নতকরণ এবং খাগড়হর-আকুয়া অংশের বাইপাস সড়ক নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা ও কেওয়াটখালী রেলওয়ে ব্রিজের নিচ দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা দূর করা।