ময়মনসিংহে আধা বেলার হরতালে ভাঙচুর, আগুন
ময়মনসিংহে আজ বৃহস্পতিবার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ডাকা আধা বেলার হরতালে বিক্ষিপ্ত ভাঙচুর ও আগুন লাগার ঘটনা ঘটে। হরতাল চলাকালে শহরের বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। উপজেলাগুলোতে হরতাল ছিল ঢিলেঢালা।আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানোর খবর:ময়মনসিংহ: সকালে শহরের ধোপাখলা মোড়ে সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন জেলা মহিলা দলের কর্মীরা। হরিকিশোর রায় রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি হরতালের সমর্থনে একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ ছাড়া চরপাড়া, সানকিপাড়া ও সাহেব আলী রোডে একটি টেম্পো ও বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে এবং আগুন দেয় পিকেটাররা। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, পিকেটিংয়ের সময় শহরের বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়েছে।ত্রিশাল ও ভালুকা : এ দুই উপজেলায় ঢিলেঢালাভাবে হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে। ১৪৪ ধারা জারি থাকায় এসব এলাকায় কোনো মিছিল বা পিকেটিং হয়নি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল করেনি। তবে হালকা যানবাহন চলেছে। দোকানপাট, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার প্রথম আলো ডটকমকে জানান, হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় বৈলর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন পরিষদ সদস্য আসাদুজ্জামান ও যুবদলের নেতা জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের বিরুদ্ধে ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ জেলা ছাত্রদল, যুবদলসহ বিএনপির পাঁচটি অঙ্গ সংগঠনের উদ্যোগে মুক্তাগাছা উপজেলা থেকে ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকা পর্যন্ত ৯০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করার কথা ছিল। পরে জেলা ছাত্রলীগ একই এলাকায় পাল্টা মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়। এতে গতকাল বিকেলে প্রশাসন ওই এলাকায় আজ সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। এরই প্রতিবাদে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো আজ ময়মনসিংহ জেলায় হরতালের ডাক দেয়।