ময়মনসিংহে ট্রাক-লেগুনা সংঘর্ষে চারজনের মৃত্যু
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী নামক স্থানে আজ রোববার দুপুরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুর ১২টার দিকে ভালুকা থেকে একটি লেগুনায় হজে যাওয়ার লক্ষ্যে পাসপোর্ট করার জন্য ময়মনসিংহ যাচ্ছিলেন ১২ জন। ময়মনসিংহের বেলতলী নামক স্থানে ওই লেগুনার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবেক শিক্ষক শামছুল হুদা (৭০), ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হজের মোয়াল্লিম গোলাম মোস্তফা (৫০), বাটগাঁও গ্রামের বাসিন্দা আবদুল হাকিম (৭৫) ও চাপরবাড়ী গ্রামের আবদুল কুদ্দুস (৭২)। আহত লোকজনের মধ্যে চালক, তাঁর সহকারী এবং বাকি আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।ময়মনসিংহের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ‘বেলতলী নামক স্থানে আজ দুপুরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন হজযাত্রীর মৃত্যু হয়েছে।’