ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষ, বিজিবি মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে ময়মনসিংহে হেফাজতে ইসলাম, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে ৩০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজন পুলিশ ও সাংবাদিক রয়েছেন। এ ঘটনায় শহরে বর্ডার গার্ড় বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে হরতালের সমর্থনে হেফাজতে ইসলামের একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের চরপাড়া মোড় থেকে নতুন বাজার হয়ে গাঙ্গিনারপাড় মোড় পার হওয়ার সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায়। তারা ইটপাটকেল ছোড়ে ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে দলীয় কার্যালয়ের সামনে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।পরে আওয়ামী লীগের কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। প্রায় ৩০ মিনিট ধরে চলে এই সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবারের বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়লে ত্রিমুখী সংঘর্ষ বেধে যায়। দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের নেতৃত্বে একটি হরতালবিরোধী লাঠিমিছিল বের হয়।১৪ দলের নেতা-কর্মীরাও হরতালবিরোধী মিছিলে যোগ দেন। হরতালবিরোধীরা দুপুর ১২টার দিকে নতুন বাজারে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায় ও আগুন লাগায়। এতে শহরের পরিস্থিতি থমথম হয়ে যায়। দুপুর সোয়া ১২টার দিকে শহরে বিজিবি মোতায়েন করা হয়।সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। এর মধ্যে অন্তত ১৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি ফাঁকা গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। তিনি বলেন, ঘটনায় কমপক্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।