মরক্কোর পর্যটন শহরে বোমা হামলায় বিদেশিসহ নিহত ১৪
মরক্কোর মারাকেশ শহরে গতকাল বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন বিদেশি নাগরিক। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।কর্মকর্তারা জানান, গতকাল মারাকেশের ব্যস্ততম পর্যটন এলাকার জামা আল-ফনা চত্বরের একটি ক্যাফেতে ওই হামলা চালানো হয়। এলাকাটিতে বিপুলসংখ্যক বিদেশি পর্যটকের সমাগম হয়ে থাকে।মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রী তায়েব চেরকাউই জানান, ওই হামলায় ১৪ জন নিহত ও ২৩ জন আহত হয়। তিনি দেশটির সরকারি সংবাদ সংস্থাকে বলেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে এটি ছিল সন্ত্রাসী হামলা।রাষ্ট্রীয় টেলিভিশন টুএম জানিয়েছে, হামলায় ১৫ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ছয়জন ফরাসি নাগরিক, পাঁচজন মরক্কোর নাগরিক এবং বাকি চারজন বিদেশির পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।গতকালের হামলা ছিল মরক্কোতে গত আট বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ২০০৩ সালে বাণিজ্যিক নগর কাসাব্লাঙ্কায় ১২টি আত্মঘাতী হামলায় ৩৩ জন নিহত হয়। ওই হামলার জন্য ইসলামপন্থী জঙ্গিদের দায়ী করা হয়েছিল। তবে মারাকাশের হামলার দায় তাত্ক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। হামলার জন্য ইসলামপন্থী জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির একটি ওয়েবসাইট জানিয়েছে, দুই মাস আগে জেল থেকে ছাড়া পাওয়া এক ব্যক্তি ওই হামলা চালায়। ওই ব্যক্তি ধর্ষণের দায়ে আট বছর জেল খেটেছিল।বিশ্লেষকেরা বলছেন, গতকালের হামলা মরক্কোর পর্যটন শিল্পকে ব্যাহত করতে পারে। দেশটির রাজস্বের বড় একটি অংশ পর্যটন শিল্প থেকে এসে থাকে।